স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে মন্ত্রিসভা যেসব সিদ্ধান্ত নিয়েছিল, তা একে একে বাতিল হয়ে যাচ্ছে। হাতে সময় কম থাকায় পৌরসভা নির্বাচনের জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলেও তা এখন বাতিলের পথে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করবেন শুধু মেয়র ও চেয়ারম্যান পদপ্রার্থীরা; সদস্য বা কাউন্সিলর পদের নির্বাচন হবে অরাজনৈতিক।
প্রায় এক মাস ধরে ক্ষমতাসীন দলের মধ্যে আলোচনা-সমালোচনা, বিএনপি ও জাতীয় পার্টির আপত্তি এবং বাস্তবতার নিরিখে একের পর এক এসব সিদ্ধান্ত ওলট-পালট হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভা আইন সংশোধনের লক্ষ্যে নতুন করে বিল উত্থাপনের প্রস্তুতি রয়েছে। কাল সোমবার সংসদে তা পাস হতে পারে বলে সংসদীয় কমিটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন। আর তা হলে পৌরসভা আইন সংশোধন করে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে।
জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে সব ধরনের স্থানীয় সরকারপ্রতিষ্ঠানে শুধু চেয়ারম্যান ও মেয়ররা দলীয়ভাবে নির্বাচন করবেন। সদস্য বা মেম্বার, কাউন্সিলর ও সংরক্ষিত অন্যান্য পদের প্রার্থীদের নির্বাচন দলীয়ভাবে হবে না। তাঁদের নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।
১২ অক্টোবর মন্ত্রিসভা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন দলীয় পরিচয় ও প্রতীকে করার প্রস্তাব অনুমোদন করে। পৌরসভা নির্বাচন আসন্ন বিধায় এর আইনটি সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির সিদ্ধান্ত হয়। বাকি আইনগুলো সংশোধনে সংসদে বিল তোলার সিদ্ধান্ত হয়।
এই সিদ্ধান্তের পর সরকারের উচ্চপর্যায়ে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলীয় পরিচয়ে স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। শীর্ষ নেতাদের অনেকেই বলেন, পরিষদের সদস্য ও কাউন্সিলরদের নির্বাচন দলীয়ভাবে হলে মাঠপর্যায়ে দাঙ্গাহাঙ্গামা শুরু হওয়ার আশঙ্কা আছে। তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিও আকর্ষণ করেন।
সংসদীয় বোর্ডের একজন সদস্য জানান, এই আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার আগের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
তা সত্ত্বেও ২ নভেম্বর দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ এবং সিটি করপোরেশন আইনেও একই ধরনের সংশোধনী আনতে ১১ নভেম্বর সংসদে বিল উত্থাপন করা হয়। অধ্যাদেশ ও বিলে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র, চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলর পদে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র এক দিন পর সরকারপক্ষ সিদ্ধান্ত বদল করে শুধু মেয়র ও চেয়ারম্যান পদের নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নেয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী নতুন করে আইন সংশোধনের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবেক চিফ হুইপ আবদুস শহীদকে দায়িত্ব দেন। গত বৃহস্পতিবার এই তিন নেতা সংসদে বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান।
স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সংশোধিত পৌরসভা আইনে খসড়া তৈরি করতে এ দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা গত শুক্রবার ও গতকাল শনিবার জাতীয় সচিবালয়ে অফিস করেন। শুক্রবার বিকেলে আইন মন্ত্রণালয় বিলটি যাচাই-বাছাই করে। সংসদে উত্থাপনের জন্য গতকাল দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার (পৌরসভা) বিল, ২০১৫ সংসদ সচিবালয়ে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থীকে রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। স্বতন্ত্র প্রার্থী মানে, যে ব্যক্তি রাজনৈতিক দল থেকে মনোনীত নন। রাজনৈতিক দল বলতে গণপ্রতিনিধিত্ব আদেশে (সংসদ নির্বাচন আইন) সংজ্ঞায়িত দলকে বোঝানো হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে হলেও বাস্তবে দলীয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে থাকে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিরা রাজনৈতিক পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবং জনপ্রতিনিধিদের রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ দিতে এই বিল আনা হয়েছে।
মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে সংসদে উত্থাপিত ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন আইন সংশোধন বিলেও একই ধরনের সংশোধনী আনা হবে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার বুঝতে পেরেছে, সদস্য ও কাউন্সিলরদের নির্বাচন দলীয়ভাবে হলে তা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। হানাহানি-মারামারিও ঠেকানো যাবে না, যে কারণে সিদ্ধান্ত বদল করেছে। এক দিক থেকে ভালো যে গ্রামে ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে মারামারি ঠেকানো যাবে।
তবে তাঁর প্রশ্ন, নির্দলীয়ভাবে নির্বাচিত একজন কাউন্সিলর রাজনৈতিকভাবে নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়রের দায়িত্ব কীভাবে পালন করবেন?
এদিকে নির্বাচন কমিশনের পাঠানো পৌরসভা নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধি নিয়েও ব্যাপক হিমশিম খেতে হচ্ছে আইন মন্ত্রণালয়কে। কমিশন সংসদ নির্বাচনের আচরণবিধির আলোকে পৌর নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। তাতে বলা হয়েছে, সরকারি সুবিধা ব্যবহার না করে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি, হুইপ, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন।
এই প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। এ বিষয়ে গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও সংসদ বিভাগের সচিব শহীদুল হক ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সংসদ সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘মন্ত্রীরা তো চাইবেন এলাকায় তাঁর দল মনোনীত সব প্রার্থী জিতে যাক। সে জন্য প্রয়োজনে তাঁরা এলাকায় গিয়ে প্রভাবও বিস্তার করবেন। সুযোগ পেলে আমিও তাই করব। কিন্তু সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। নির্বাচন কমিশনের উচিত হবে মন্ত্রীদের ঠেকানো, যাতে তাঁরা প্রচারে নামতে না পারেন।’