জীবন রক্ষার্থে ছাড়া সীমান্তে গুলি চালানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে যাতে মাদকদ্রব্য না ঢোকে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আশ্বস্ত করেছে বিএসএফ।
হিলি সীমান্তের বিজিবি সিপি ক্যাম্পে আয়োজিত বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় বৈঠকে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলে বিএসএফ। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবীর সরকার ও নবাগত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপ-অধিনায়ক মেজর এম আশরাফ আলীসহ ১০ জন কোম্পানি বা বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন পতিরাম-৭৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার এস এইচ এস কে শ্রীবাস্তব ও পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার আলকেশ সিনহা। এ ছাড়া স্টাফ অফিসার ডি এস চাওহান, স্টাফ অফিসার ধারবেন্দ্র সিংসহ ১২ জন কোম্পানি বা ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন। বিকেল চারটায় হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে বিএসএফের ১৭ সদস্যের ওই প্রতিনিধিদল।
এ ছাড়া ওই বৈঠকে সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ সীমান্ত পারাপার, চোরাকারবারি কর্তৃক বিএসএফ ও বিজিবি সদস্যের ওপর আক্রমণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত দিয়ে পারাপারসহ সীমান্তে অপরাধ রোধকল্পে বিজিবি ও বিএসএফ পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত হয়। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় বাহিনীর কমান্ডাররা একমত পোষণ করেন।
মেজর এম আশরাফ আলী বলেন, বৈঠকে বিএসএফের কর্মকর্তারা বলেছেন, ভারত থেকে সীমান্ত দিয়ে গরু পাচার করে আনার কারণেই সীমান্তে দুর্ঘটনা ঘটে।