কেবল টিভির ব্যবসা নিয়ে নগরে তিন বছরে ১১ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল টিভির ব্যবসাকে কেন্দ্র করে রংপুর নগরে সহিংস ঘটনা বেড়েই চলেছে। এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় গত তিন বছরে ১১ জন খুন ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৭ জুলাই খুন হয়েছেন ফরহাদ হোসেন নামের এক তরুণ।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) দেওয়া তথ্য অনুযায়ী ২০১১ সালের জুলাই মাস থেকে চলতি বছরের ৭ জুলাই পর্যন্ত সময়ে রংপুর নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় কেবল টিভির ব্যবসাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষ ও ১১ খুনের ঘটনা ঘটেছে। এসব এলাকা হলো মুন্সিপাড়া, কেরানীপাড়া, রামপুরা ভগিবালাপাড়া, নীলকণ্ঠ, শালবন মিস্ত্রিপাড়া। এর মধ্যে মুন্সিপাড়াতেই খুন হয়েছেন তিনজন ও নিখোঁজ একজন।
পুলিশ ও এলাকাবাসী জানান, মুন্সিপাড়া ও কেরানীপাড়ায় প্রায় তিন হাজার বাসাবাড়িতে কেবল টিভির সংযোগ দিয়ে বাড়িপ্রতি প্রতিমাসে ২০০ টাকা করে নেওয়া হয়। যা মাসে দাঁড়ায় প্রায় ছয় লাখ টাকা। এই দুটি এলাকার ডিশ-সংযোগের টাকা তোলা নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে ছোট ছোট ঘটনা থেকে একপর্যায়ে সহিংস ঘটনায় রূপ নেয়। দুটি পক্ষের নেতৃত্বদানকারী কেবল টিভির ব্যবসায়ী মুন্সিপাড়ার মোশাররফ হোসেন ওরফে পদ্ম ও ফরহাদ হোসেন দুজনই খুন হন। তিন বছরের ব্যবধানে মুন্সিপাড়া ও কেরানীপাড়ায় ছয়জন খুন ও নিখোঁজ হয়েছেন। রামপুরা ভগিবালাপাড়া, নীলকণ্ঠ, শালবন মিস্ত্রিপাড়ায় এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মারামারি হলেও বর্তমানে এসব এলাকায় পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকায় ২০১১ সালের ১১ মে খুন হন জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক মোশাররফ হোসেন। এই খুনের মামলার অন্যতম আসামি একই এলাকার ফরহাদ হোসেন খুন হন ৭ জুলাই। মোশাররফ হত্যা মামলার আরেক আসামি ফরহাদের বড় ভাই জিলানী ফুয়াদ গত ২০ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন বলে ফরহাদের মা ফেরদৌসী বেগম অভিযোগ করেন। একই বছর ২০১১ সালে মুন্সিপাড়ায় খুন হন সামসুল আলম।
মোশাররফ হোসেনের বাবা মহিতুল হোসেন তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেছেন। ফেরদৌসী বেগমও সুষ্ঠু তদন্ত করে তাঁর ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান।
গত বছর ২২ আগস্ট রামপুরা ভগিবালাপাড়ায় খুন হন রতন মিয়া। এরপর রতন মিয়া হত্যা মামলার অন্যতম আসামি ফারুক হোসেনের গুলিবিদ্ধ লাশ গত ১২ এপ্রিল তাঁর বাড়ির পাশের নজিরের হাট এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। ২০১২ সালের ১০ আগস্ট শহরের কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকায় বায়েজিদ মুরাদ হোসেন খুন হন।
২০১১ সালের ২২ জুলাই রাতে কেরানীপাড়ায় শরিফুল আলম বুলেট, একই বছর অক্টোবর মাসে শালবন মিস্ত্রিপাড়ার গোপাল চন্দ্র বিশ্বাস, একই বছর ফেব্রুয়ারি মাসে নীলকণ্ঠে ভোলা মিয়া, সেপ্টেম্বর মাসে রাজুখাঁ গ্রামের গোলসান হোসেন খুন হন।
নগরের বিভিন্ন এলাকায় কেব্ল টিভির ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অনেকে। ১৫ দিন আগে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মুন্সিপাড়ার মাসুদ খানকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ফের ছুরিকাঘাত করেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাসুদ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই এলাকার কারফিউ আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ইঞ্জিনিয়ারপাড়ার মাসুদুজ্জামান ও সাতগাড়া মিস্ত্রিপাড়ার মামুন-উর রশিদ দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
কেব্ল টিভির মূল ব্যবসায়ী (যাঁদের কাছ থেকে পুরো শহরে সরবরাহ করা হয়) গোলাম রব্বানী বিপ্লব বলেন, ‘বিভিন্ন পাড়া-মহল্লায় এখন যাঁরা লাইনের ব্যবসা করছেন, তাঁদের কাছেই আমরা জিম্মি হয়ে পড়েছি। পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। রংপুর শহরে এক লাখের ওপর ডিশ লাইনের গ্রাহক রয়েছেন।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, কেব্ল টিভির ব্যবসা নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন ও হানাহানির ঘটনা ঘটছে। যাঁরা খুন হয়েছেন, তাঁদের সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, সামাজিক অপরাধপ্রবণতা দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার সুধীজনদের সম্পৃক্ত করে গণসচেতনতামূলক কাজ শুরু করা হয়েছে।