কেবল সরকার বললেই ঠিক মনে হয় না: অর্থমন্ত্রী
‘আমাদের চরিত্রটাই এমন যে ইকোনমিস্ট যখন বলে, ওয়াল স্ট্রিট জার্নাল যখন বলে অথবা গার্ডিয়ান পত্রিকা যখন কিছু বলে, তখন আমরা উৎফুল্ল হয়ে যাই। কেবল সরকার বললেই সেটা ঠিক না। এটা খারাপ।’ যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশের অর্থনীতি ২০৫০ সাল নাগাদ পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বলে প্রতিবেদনটিতে এ কথা বলেছে গার্ডিয়ান। তার আগে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। কোনো প্রসঙ্গ ছাড়াই অর্থমন্ত্রী হঠাৎ নাম উল্লেখ না করে একটি গবেষণা প্রতিষ্ঠানের সমালোচনা করেন সাংবাদিকদের কাছে। সমালোচনা করেন দেশের অর্থনীতিবিষয়ক সাংবাদিকতারও। অর্থমন্ত্রী বলেন, ‘দেশীয় একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। কী যেন নাম তার...। এর একটি থিংক ট্যাংকও রয়েছে। জঘন্য ফাইন্ডিংস তাদের। সেখানে কোনো স্কলার আছে বলে আমার সন্দেহ হয়।’ ইদানীং সব কাগজে তাদের প্রতিবেদন খুব ফলাও করে ছাপা হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তারা বলে যে এ বছর প্রবৃদ্ধি বাড়বে না। তাদের কাছে দেশের অর্থনীতির সবই নেতিবাচক। আর নেতিবাচক হলেই পত্রিকায়...।’ বাক্যটি শেষ করেননি অর্থমন্ত্রী। নিজের অবসর সময়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকতার প্রশিক্ষণের আয়োজন করার ইচ্ছা পোষণ করেন অর্থমন্ত্রী। ২০১২ সাল কেমন গেল—জানতে চাইলে ‘খুব ভালো বছর গেছে’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি এ বিষয়ে বক্তব্য দেবেন সংসদে।’