কেবল সস্তা শ্রম ও প্রণোদনা দিয়ে বিনিয়োগ আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু সস্তা শ্রম ও প্রণোদনা দিয়ে দেশে কাঙ্ক্ষিত হারে বিদেশি বিনিয়োগ আসবে না। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দীর্ঘমেয়াদি আস্থার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে সরকারের বিনিয়োগ-বিষয়ক নীতিরও ধারাবাহিকতা থাকতে হবে।
এমন মতামত উঠে এসেছে বাংলাদেশ বিনিয়োগ ও নীতি সম্মেলনের এক অধিবেশনে। রাজধানীর র্যা ডিসন হোটেলে গতকাল সোমবার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বিষয়ক এ কর্ম-অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেস গ্লোবাল প্র্যাকটিস বিভাগের পরিচালক সিসিল ফ্রুম্যান। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ এ অধিবেশনটি সঞ্চালনা করেন।
সিসিল ফ্রুম্যান বলেন, একটি দেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীরা এমন একটি পরিবেশ চান, যেখানে ব্যবসা করার পরিবেশ স্থিতিশীল, স্বচ্ছ ও সহজ। বিনিয়োগ করা অর্থের নিরাপত্তার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এসব ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে।
বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে সিসিল ফ্রুম্যান বলেন, এসব আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এসব প্রতিবেদনের ফলাফল সহায়ক নয়। তিনি বলেন, বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে কোন দেশ কতটুকু প্রণোদনা দেয়, সেটি গুরুত্বপূর্ণ নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগ নীতিমালা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন পরিবেশ নিশ্চিতে সরকারের আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনতে হবে। মৌলিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, জমির সহজ প্রাপ্যতা নিশ্চিত করারও পরামর্শ দেন সিসিল ফ্রুম্যান।
কর্ম-অধিবেশনের প্যানেল আলোচনায় অংশ নিয়ে মোবাইল অপারেটর রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে (সিইও) বলেন, মুঠোফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়লে একটি দেশের অর্থনীতিতে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব পড়ে, বিষয়টি মাথায় রেখেই রবি এ দেশে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে। এ বিনিয়োগের সুফলকে পরবর্তী পর্যায়ে নিতে হলে প্রয়োজন দীর্ঘ মেয়াদের নীতি পরিকল্পনা।
দেশে ইন্টারনেটের ব্যবহারের ওপর সরকারকে মূল্য সংযোজন কর কমানোর পরামর্শ দিয়ে রবির সিইও বলেন, প্রাথমিক পর্যায়ে কর হার কমানো হলে দেশে ইন্টারনেটের ব্যবহার আরও বাড়বে। এতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আয় বাড়বে, সরকার আরও বেশি হারে রাজস্ব পাবে, এমনটি হলে তা হবে সবার জন্য লাভজনক।
আরেক প্যানেল আলোচক শিল্পগোষ্ঠী এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন কাশেম খান বলেন, যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা বাংলাদেশের রয়েছে, সে কারণেই দিন দিন এ দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে। এ কে খান গ্রুপের মাধ্যমে বাংলাদেশে এখন পর্যন্ত ৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, ২০২১ সালের মধ্যে যা ১০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
দেশে এফডিআই কম হওয়ার কারণ সম্পর্কে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি ও নুভিস্তা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আকতার মতিন চৌধুরী বলেন, এখানে নীতিমালা বাস্তবায়ন ও আইনের প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব আছে। বিনিয়োগের লভ্যাংশ বৈধ উপায়ে এ দেশ থেকে নেওয়া কঠিন। সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি ও মনোভাবেও সমস্যা আছে। এত কিছুর পরও বাংলাদেশে ব্যবসা করা লাভজনক।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেশি বিনিয়োগকারীদের চেয়েও বেশি সুবিধা দেওয়া হয়। কিন্তু এ দেশ সম্পর্কে বাইরে অনেক নেতিবাচক প্রচারণা আছে, যার বেশির ভাগই সত্য নয়।
এ কর্ম-অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।
এর আগে দিনের প্রথম কর্ম-অধিবেশনের বিষয়বস্তু ছিল বাংলাদেশে বেসরকারি খাতের সার্বিক নীতি পরিবেশ ও ব্যবস্থাপনার উন্নয়ন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-সংক্রান্ত একটি চুক্তি বাস্তবায়নে সময় লাগে ১ হাজার ৪৪২ দিন, চীন ও ভিয়েতনামে এ ক্ষেত্রে সময় লাগে যথাক্রমে ৪০০ ও ৪৫৩ দিন। বিনিয়োগ আকর্ষণের জন্য এ চিত্র মোটেই সহায়ক নয়।
জাপান নিয়ে অধিবেশন: সম্মেলনের শেষ দিনে জাপানের বিনিয়োগ নিয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের বিনিয়োগ শীর্ষক এক প্রবন্ধে বলা হয়, যে পণ্য উৎপাদনের খরচ জাপানে ১০০ টাকা, বাংলাদেশে তা ৪৯ টাকা ৫০ পয়সা। একই পণ্য উৎপাদনের খরচ ভিয়েতনামে ৭৩ টাকা এবং চীনে ৮১ টাকা ৯০ পয়সা। শুধু তাই নয়, বাংলাদেশে মজুরিও সস্তা। জেট্রোর একটি জরিপের ওপর ভিত্তি করে এই প্রবন্ধ লেখা হয়। এতে বাংলাদেশকে বিশ্বের অন্যতম বিনিয়োগ গন্তব্যস্থল বলে উল্লেখ করা হয়। প্রবন্ধ উপস্থাপন করে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি প্রতিনিধি কেই কাওয়ানো বলেন, জাপানি বিনিয়োগের ক্ষেত্রে এখনো প্রশিক্ষিত জনবলের অভাব এবং অশুল্ক বাধা একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
অধিবেশনটি সঞ্চালনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্য এক অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। গতকালই সম্মেলনটি শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।