কেবলই বাড়ছে মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে ২০০৮ সালে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেছিলেন এক নারী। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের অভাবে মামলাটি আটকে আছে সাক্ষ্যগ্রহণ পর্বে। অন্যত্র বদলি হয়ে যাওয়ায় বারবার সমন জারির পরও তদন্ত কর্মকর্তা সাক্ষী দিতে 

আদালতে হাজির হননি। ফলে গত পাঁচ বছরেও শেষ হয়নি মামলার কাজ।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ২০(৩) ধারা অনুযায়ী মামলার তারিখ প্রাপ্তির ১৮০ দিনের মধ্যে মামলার কাজ শেষ হওয়ার কথা। অথচ নানা জটিলতায় চট্টগ্রামের তিনটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তৈরি হয়েছে মামলাজট। তিনটি ট্রাইব্যুনালে বর্তমানে ১২ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। প্রতিবছরই বাড়ছে এ সংখ্যা। এতে বিচারপ্রার্থীদের যেমন দিনের পর দিন ঘুরতে হচ্ছে আদালতের বারান্দায়, তেমনি আসামিপক্ষকেও পোহাতে হচ্ছে দুর্ভোগ।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালগুলোতে গড়ে ২০টির মতো মামলা হয় প্রতিদিন। অথচ এর বিপরীতে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা কম। তদন্তে সময়ক্ষেপণ, সময়মতো সাক্ষীদের হাজির না হওয়া, বাদী-বিবাদীর অনিয়মিত হাজিরা ইত্যাদি কারণে ঝুলে যাচ্ছে মামলাগুলোর কার্যক্রম। একশ্রেণীর আইনজীবীও মামলা বিলম্বের পেছনে ভূমিকা পালন করেন। এতে ক্রমাগতই বাড়ছে মামলাজট।

আইন অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ না হলে উচ্চ আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর কথা। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির চট্টগ্রাম বিভাগীয় প্রধান ওয়াহিদা ইদরিস প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মামলার কার্যক্রম শেষ না হলে কী হবে সে বিষয়ে নির্দেশনা নেই আইনে। সেটি থাকা প্রয়োজন। মামলার কার্যক্রম শেষ হতে দেরি হলে আসামিরা জামিন পেয়ে যায়। সে ক্ষেত্রে বাদীকে ভয়ভীতি দেখানো বা মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার ঘটনা অহরহই ঘটছে। যেহেতু সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, তাতে মামলাগুলোর বিচারকাজ দ্রুত হলে অপরাধপ্রবণতা কিছুটা কমত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর পাবলিক প্রসিকিউটর চন্দন কুমার তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই নির্ধারিত সময়ে মামলার কাজ শেষ হোক। বেশির ভাগ মামলাতেই সাক্ষীরা ঠিকমতো হাজির হন না। আবার আসামিও পলাতক থাকে অনেক ক্ষেত্রে। সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ না হলে কিংবা আসামির অনুপস্থিতিতে বিচার না হলে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যায়।’