
বিশ্বের শীর্ষ পঞ্চম দূষণকারী এলাকা ঢাকার হাজারীবাগ। সেখান থেকে চামড়াশিল্প সরিয়ে নেওয়ার কাজটি শেষ করার কথা ছিল ২০০৫ সালে। বাস্তবে এখনো এই কাজের অগ্রগতি প্রায় শূন্য।
পুরো কাজটি করার কথা পরিবেশ রক্ষার জন্য। এ জন্য প্রয়োজন কেবল একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি)। প্রায় ১৫ বছরেও এই কাজ করতে পারেনি সরকার। এর ফলে অন্যান্য অবকাঠামো হলেও সাভারের হেমায়েতপুরে চামড়ানগর স্থাপনও আর হচ্ছে না।
হাজারীবাগের ট্যানারিগুলো সেখান থেকে স্থানান্তর এবং পরিবেশবান্ধব উপায়ে চামড়া ও চামড়াজাত শিল্পপণ্য উৎপাদনে আন্তর্জাতিক চাপ রয়েছে। আছে আদালতের আদেশ। চামড়াশিল্প নগর প্রকল্পের কর্মকর্তাদের তিন মাস পর পর হাইকোর্টে কাজের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হয়। এত সব চাপের পরও দফায় দফায় সময় বাড়িয়েও শিল্পনগরটির কাজ শেষ হয়নি।
শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং শিল্পনগর প্রকল্পের কর্মকর্তারাই স্বীকার করছেন, সিইটিপির নির্মাণকাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়।
অথচ হেমায়েতপুরে ২০০ একর জায়গাজুড়ে চামড়াশিল্প নগরে যেতে গত বছরের ১৩ অক্টোবর বিসিক ও ট্যানারির মালিকদের দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্মারক অনুুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি স্থানান্তর এবং উৎপাদন শুরু করতে হবে মালিকদের। এটিও হচ্ছে না।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘হাজারীবাগ থেকে চামড়াশিল্প স্থানান্তর নিয়ে সরকার যেভাবে কাজ করছে, তাতে মনে হয় পরিবেশ আইন, নদীদূষণ আইন—কোনো কিছুই ওই সব কারখানার মালিকদের জন্য প্রযোজ্য নয়। এ নিয়ে এখন যা হচ্ছে, তা হলো মুলা দেখানো। সরকার কেবল সময়ই বাড়াচ্ছে।’
২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চামড়াশিল্প নগর প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০০৫ সালে। প্রথম দফায় প্রকল্পটি সংশোধন করে মেয়াদ বাড়ানো হয় ২০১০ সাল পর্যন্ত। ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৪৫ কোটি ৩৬ লাখ টাকায়। তাতেও কাজ শেষ হয়নি। আবারও ২০১২ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৩ সালের ১৩ আগস্ট দ্বিতীয় দফায় সংশোধিত প্রকল্পের অনুমোদন হয় একনেকে। এ সময় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকায়। শিল্প মন্ত্রণালয়ের এ প্রকল্প বাস্তবায়ন করছে বিসিক। শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করার কথা রয়েছে।
চামড়াশিল্প নগর প্রকল্পের পরিচালক সিরাজুল হায়দার প্রথম আলোকে বলেন, সিইটিপির নির্মাণকাজ এক বছরের বেশি সময় থেমে ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক দফা সময় বাড়িয়ে দেওয়া হয়। এখন তারা আবারও সময় বাড়ানোর আবেদন করেছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আরও সময় চায় ঠিকাদার: চীন-বাংলাদেশ যৌথ প্রতিষ্ঠান জেএলইপিসিএ-ডিসিএল জেভিকে ২০১২ সালের ১১ মার্চ চামড়াশিল্প নগরে সিইটিপি নির্মাণের কার্যাদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। শর্ত ছিল, ১৮ মাসে কাজ শেষ করতে হবে। ওই মেয়াদ শেষ হয় গত বছরের ১৭ সেপ্টেম্বর। এরপর তাদের সময় দেওয়া হয় এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত। তবে বিসিক সূত্র বলছে, খুবই নগণ্য পরিমাণে কাজ হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এরই মধ্যে সময় বাড়ানোর জন্য প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। সূত্র জানায়, মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৭ ডিসেম্বর প্রথম দফায় এবং ৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আবেদন করে প্রতিষ্ঠানটি।
গত বুধবার শিল্পনগর এলাকা ঘুরে দেখা গেছে, শিল্পনগরে প্লট, রাস্তাঘাট ও ড্রেন তৈরি হয়ে আছে। তবে ব্যবহার না হওয়ায় প্লট ও ড্রেনে বড় বড় ঘাস জন্মেছে। প্লটে এখন গরু চরে। পানি সরবরাহের জন্য কেন্দ্রীয় পানির পাম্পের নির্মাণকাজ শেষ পর্যায়ে আছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১০ এমভি ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্র ইতিমধ্যে স্থাপন করেছে, আরেকটি নির্মাণাধীন।
আর সিইটিপি নির্মাণের জন্য নির্ধারিত স্থানে ঠিকাদার শুধু বালুই ফেলেছে। সিইটিপি নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিকদের থাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বসার জন্য বেশ কয়েকটি কক্ষ তৈরি করা হয়েছে। পাশেই পড়ে আছে বেশ কিছু রড, সবগুলোই মরচে পড়া। এর বাইরে কোনো কাজই হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘সিইটিপির নির্মাণকাজে হয়তো একটু উনিশ-বিশ হবে। তবে আমরা কাজটা (ট্যানারি স্থানান্তর) শুরু করে দিতে চাই।’
চলছেই পরিবেশদূষণ: হাজারীবাগের ট্যানারি কারখানাসংশ্লিষ্ট এলাকা ঘুরেও দেখা গেছে, লালবাগ থেকে রায়েরবাজার বধ্যভূমির আগ পর্যন্ত পুরো এলাকার রাস্তার দুই পাশে চামড়া শুকানো হচ্ছে। এ ছাড়া একটু নিচু জায়গা আর ডোবায় ফেলা হয়েছে চামড়ার বর্জ্য। এতে পুরো এলাকায় শুধুই দুর্গন্ধ। হাজারীবাগের এসব বর্জ্যের প্রায় পুরোটাই গিয়ে পড়ছে বুড়িগঙ্গায়। এতে নদীটির অবস্থা দিন দিন আরও করুণ হয়ে পড়ছে।
আন্তর্জাতিক দুই গবেষণা সংস্থা নিউইয়র্কভিত্তিক ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট এবং সুইজারল্যান্ডভিত্তিক গ্রিন ক্রস গত বছরের ৫ নভেম্বর যৌথভাবে বিশ্বের শীর্ষ পরিবেশদূষণকারী এলাকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার পঞ্চম স্থানে রাখা হয় হাজারীবাগকে। এতে বলা হয়, হাজারীবাগ থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থের বিষক্রিয়ার শিকার হচ্ছে এক লাখ ৬০ হাজার মানুষ। এখানকার ট্যানারিগুলো প্রতিদিন ২২ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য, বিশেষ করে ক্রোনিয়াম নির্গমন করছে; যার বেশির ভাগ গিয়ে পড়ছে বুড়িগঙ্গা নদীতে।