কেব্ল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিরিয়াল কেব্ল (আইটিসি) সংযোগ কাটা পড়ার কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইন্টারনেট ব্যবহার নিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। অনেক জায়গায় ইন্টারনেটের গতি ছিল কম, আবার কোথাও একেবারেই ইন্টারনেট ব্যবহার করা যায়নি। তবে বিকেল নাগাদ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দেশে ইন্টারনেট চাহিদার শতকরা ৬০ ভাগ ব্যান্ডউইট্থ সরবরাহ করে আইটিসি। বাকি ৪০ ভাগ ইন্টারনেট সরবরাহ দেওয়া হয় সাবমেরিন কেব্ল কোম্পানির মাধ্যমে। ভারত থেকে পাঁচটি কোম্পানি আইটিসির মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যান্ডউইট্থ আনছে। এই ব্যান্ডউইট্থ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিয়ে গ্রাহক পর্যায়ে সরবরাহ দিচ্ছে। আবার আইটিসির মালিকেরাও সরাসরি ইন্টারনেট সরবরাহ দিয়ে আসছেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএ) সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, ভারত থেকে বেনাপোল দিয়ে আইটিসি লিংকগুলো বাংলাদেশে ঢুকেছে। অনেক সময় এ লিংকগুলো কাটা পড়ে কিংবা ভারতের অংশেও সমস্যা হয়। একটি লিংক কাটা পড়লেই ব্যান্ডউইট্থ কম হয়ে যায়। তিনি বলেন, মঙ্গলবার যে সমস্যা হয়েছে সেটি কেব্ল কাটা পড়ার কারণে। কালিয়াকৈরে সড়ক ও জনপথ বিভাগের কাজ করার সময় সড়কে কেব্ল কাটা পড়েছে।
এই কর্মকর্তা বলেন, সকাল থেকে আইটিসি লিংক কাটা পড়ায় ৫০-৬০ শতাংশ ব্যান্ডউইট্থ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ, ৬০ শতাংশ ব্যান্ডউইট্থ আসে আইটিসি দিয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইটিসি প্রাথমিক লিংক ডাউন হয় গত সোমবার সকালে। গতকাল সকালে দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ডারি) লিংকও ডাউন হয়ে যায়। আইটিসির একাধিক ট্রান্সমিশন পথ বন্ধ হওয়ার ফলে ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। ইমদাদুল হক বলেন, গতকাল সন্ধ্যা নাগাদ সব আইটিসির প্রাথমিক লিংক ঠিক করা সম্ভব হয়েছে। রাতের মধ্যেই সেকেন্ডারি লিংক ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।