কেব্ল টিভির ব্যবসা নিয়ে রংপুরে ফের তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের কেরানীপাড়ায় কেব্ল টিভির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গত শুক্রবার বায়োজিত মুরাদ (৩০) নামের এক তরুণ খুন হন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই এলাকায় বাড়ি ও দোকানপাটে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। কেব্ল টিভির ব্যবসা নিয়ে গত দেড় বছরে মুরাদসহ চারটি খুনের ঘটনা ঘটেছে। শুক্রবারের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরের কেরানীপাড়া চৌরাস্তা মোড়ের একটি দোকানে মুরাদ বসে ছিলেন। এ সময় একই পাড়ার মুরাদের প্রতিপক্ষের কয়েকজন ছোরা দিয়ে মুরাদের শরীরের একাধিক স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যার পর কেরানীপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন খুনের বিচার দাবি করে বিক্ষোভ করে। এ সময় তারা একটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল। শনিবার কিছু দোকান খুললেও এলাকার পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে শুক্রবার থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহত মুরাদের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসন জানান, এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে পিয়ারুল, মিলনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক (৩০) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, কেব্ল টিভির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত বছর নগরে তিনজন খুন হয়েছে। এর মধ্যে কেরানীপাড়াতেই গত বছরের ২২ জুলাই কেব্ল অপারেটর শরিফুল আলম (৩০), ৩০ এপ্রিল মুন্সিপাড়ার যুবদলের কর্মী মোশাররফ হোসেন (৩৫), ১৭ অক্টোবর শালবন মিস্ত্রিপাড়ায় কেব্ল টিভির ব্যবসায়ী গোপাল চন্দ্র বিশ্বাস (৪০) খুন হন।এসব হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর জানান, কেব্ল টিভির লাইনের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসায়ীদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ নিয়ে তাঁদের মধ্যে কখনো মারামারি হয় এবং সহিংস ঘটনায় মারা যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারও করা হয়।