কেব্ল ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রাণীনগর উপজেলায় কেব্‌ল নেটওয়ার্কের (ডিশ) ব্যবসাকে কেন্দ্র করে গত মঙ্গলবার মারধর ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গোলাম মোস্তফা (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলায় কিছু দিন ধরে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সায়েম কেব্‌ল নেটওয়ার্কের সঙ্গে নওগাঁর এনডিসি কেব্‌ল নেটওয়ার্কের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উপজেলার বরেন্দ্র গেটের সামনে দুর্বৃত্তরা গোলাম মোস্তফাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে একদল উত্তেজিত জনতা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। গোলাম মোস্তফাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন বলেন, গোলাম মোস্তফাকে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু লোক ইফতারের আগমুহূর্তে উপজেলা আওয়ামী লীগ অফিসে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা দেখা হচ্ছে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আহত গোলাম মোস্তফার বড় ভাই আনোয়ার হোসেন বলেন, ‘ডিশ ব্যবসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সায়েমসহ তাঁর গ্রুপের লোকজন আমার ভাইকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান।’

এ ব্যাপারে সায়েমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে জানেত চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় কোনো পক্ষই এখনও মামলা করেনি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।