কেমন আছে 'কমল প্রভা'

রাজধানীর মিরপুরের দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় র্যাবের অভিযান গত শুক্রবার বিকেলে শেষ হলেও এলাকার মানুষের মনে কৌতূহল থামেনি এখনো। বাড়িটির সামনে এখন কৌতূহলী মানুষের ভিড়। ‘কমল প্রভা’ নামের ভবনটি দেখতে কেউ কেউ দূর থেকেও আসছেন।
আজ সোমবার বিকেলে সরেজমিন ‘কমল প্রভা’ বাড়িটির সামনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। পাশেই অপর একটি ভবনের নিচতলায় রাখা হয়েছে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা বিভিন্ন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য। এলাকার সব বয়সী মানুষের ভিড় জঙ্গি আস্তানার ওই বাড়ির সামনে। কেউ অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, কেউবা বলছেন কেমন করে মানুষ এমন ভুলপথে চলে যায়! অনেকে বলেছেন, তাঁরা এখনো আতঙ্ক বোধ করেন।
৫ সেপ্টেম্বর রাতে ভবনটির পঞ্চম তলার জঙ্গি আস্তানায় ভারী বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন র্যাবের পক্ষ থেকে জানানো হয়, হাড়-খুলি গুনে তাঁরা সাতজন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন। ছোট খুলি আর হাড়গুলো শিশুদের বলে বোঝা গেলেও বড়দের লাশ কোনটি কার, তা বোঝার কোনো উপায় ছিল না।
বর্ধনবাড়ি এলাকার পাশের এলাকা পালপাড়া। সেখান থেকে এই বাড়িটি দেখতে এসেছেন সাধনা রানি। তিনি বলেন, এখান থেকে তাঁদের বাড়ি একটু দূরে। বাড়িটিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, সেটি দেখতে না পেলেও বাড়িটি দেখতে এসেছেন। বাড়িটি দেখতে আসার কারণ হিসেবে সাধনা বলেন, ‘হের (নিহত জঙ্গি) নাকি দুইটা বাইচ্চা আছিল। কেমনে দুইটা বাইচ্চারে এইভাবে মাইরা ফেলাইতে পারল, সেইটা ভাবতে পারি না।’
‘কমল প্রভা’ বাড়িটি এখনো পুরোপুরি বসবাসের উপযুক্ত নয়। তবু কয়েকটি ফ্ল্যাটের বাসিন্দা এসেছেন নিজের আসবাবের খোঁজ নিতে। ভবনটির তৃতীয় তলার বাসিন্দা আজিজুল হক নিজের ঘরের ফ্রিজ নিয়ে যাচ্ছেন আত্মীয়ের বাসায়। পথে তাঁর সঙ্গে কথা। তিনি বলেন, বাসায় থাকার মতো কোনো পরিবেশ নেই। জিনিসপত্র ঠিকঠাক আছে কি না, সেটা দেখতে বাসায় ওঠা। তিনি শিগগিরই এই বাসা পরিবর্তন করবেন বলেও জানান।
পাশের বাসার একজন বাসিন্দা সালেকিন রাসেল বলেন, এলাকায় সার্বক্ষণিক র্যাব থাকছে, এটা ভালো বিষয়। নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তবে উদ্ধারকৃত অস্ত্র নিয়ে না যাওয়ার কারণে মনে মনে একটু ভয় তো থাকছেই। রাত হলে ভয়টা বেশি কাজ করে।
এলাকাবাসীর ভয় ও উদ্বেগ বিষয়ে র্যাব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির বলেন, উদ্ধারকৃত অস্ত্র বিস্ফোরণের কোনো আশঙ্কা নেই। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনে আগামীকাল এলাকাবাসীকে আবারও আশ্বস্ত করা হবে।
অস্ত্র ও বিস্ফোরক কবে সরিয়ে নেওয়া হবে—প্রশ্নের উত্তরে অধিনায়ক খন্দকার লুৎফুল কবির বলেন, মামলাটি পুলিশের কাছ থেকে র্যাবে নেওয়ার জন্য আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া ভবনটি বসবাসের উপযুক্ত কি না, তা বুয়েটের বিশেষজ্ঞরা আগামীকাল পরীক্ষা করবেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ভবনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় বলে জানান র্যাব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির। গত ২৮ এপ্রিল সাভার মডেল থানায় দায়ের করা মামলায় ‘কমল প্রভা’ বাড়ির মালিক ও নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার দেখানো হয়।