কেমন আছেন '৭১-এর যুদ্ধশিশুরা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিল যদি কখনো তাঁর জন্মদাত্রী মায়ের দেখা পান তখন তিনি মাকে ধন্যবাদ দেবেন। কেননা মা তাঁকে মেরে ফেলেননি। মা হয়তো চেয়েছিলেন তাঁর সন্তানকে কেউ না কেউ কোলে তুলে নেবে এবং তাঁর সন্তান ভালো থাকবে। অনিল তাঁর মাকে বলবেন, ‘মা আমি ভালো আছি।’

তবে রানী বিষয়টি মেনে নিতে পারেননি। ক্ষোভ, যন্ত্রণা ও অভিমানে ২৭ বছর বয়সে আত্মহত্যা করেন তিনি।
অনিল আর রানী দুজনই ’৭১-এর যুদ্ধশিশু। তাঁদের মতো ১৯৭২ সালে জন্ম হওয়া ১৫ যুদ্ধশিশুকে দত্তক নিয়েছিলেন কানাডার বাবা-মায়েরা।
জন্মের পরপরই কানাডায় পাড়ি জমানো ওই যুদ্ধশিশুরা এখন কেমন আছেন?
আজ বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এসব যুদ্ধশিশুর কথা বলছিলেন গবেষক মুস্তফা চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়টির ইংরেজি ও মানবিক বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকসহ উপস্থিত সবাই যেন আঁচ পাচ্ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা। ওই সময় পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের নারীদের ধর্ষণ করে। তারপর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ-গর্ভপাত। আর গর্ভপাত করতে না পেরে সন্তানের জন্মদান। তারপর ওই সন্তানকে দত্তক হিসেবে অজানার উদ্দেশে ছুড়ে দেওয়ার সময় মায়ের যে আর্তনাদ, সবাই যেন শুনতে পাচ্ছিলেন তা।
নিজের লেখা ’৭১-এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস শীর্ষক গবেষণাধর্মী বইটি থেকেই আলোচনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক মুস্তফা চৌধুরী। বই এবং বইটির লেখকের সঙ্গে পরিচিত হতেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফিরদাউস আজিম লেখককে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।
বইটি সম্পর্কে মুস্তফা চৌধুরী জানান, বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও কানাডায় পাওয়া বিভিন্ন প্রামাণিক দলিলের ভিত্তিতে বইটি লিখেছেন তিনি। এতে বাংলাদেশে যুদ্ধশিশুদের জন্মকথা থেকে শুরু করে এখন তাঁরা কেমন আছেন তা তুলে ধরা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে ৪৯৭ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি।
অনুষ্ঠান শেষে মুস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, কানাডায় বড় হওয়া যুদ্ধশিশুদের মধ্যে একজন আত্মহত্যা করেছেন। একজন মারা গেছেন। এ ছাড়া অন্যরা ভালো আছেন। তাঁরা তাঁদের মা, দেশ ও জন্ম ইতিহাস সম্পর্কে জানেন ও গর্ববোধ করেন। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধশিশুদের পুনর্বাসনে সরকার ও বেসরকারি সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। তবে বাংলাদেশে বড় হওয়া ‘যুদ্ধশিশুরা’ সামাজিকতার ভয়ে এখন পর্যন্ত সমাজের সামনে আসতে পারছেন না।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী এবং অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আলোচনায় অংশ নেন।