কেমন কাটছে ক্যাম্পাস সাংবাদিকদের দিন
ক্যাম্পাসের সাংবাদিকেরা সারা বছর ব্যস্ত থাকেন সংবাদসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে বন্ধ। এমন সময়ে কেমন কাটছে তাঁদের দিনলিপি? এ নিয়ে দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের দিনলিপি জানার চেষ্টা করেছি।
জান্নাতুল ফেরদৌস, দৈনিক ইত্তেফাকের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতার সুবাদে সচরাচর ব্যস্ত থাকতে হয়। করোনাসংকটের ফলে ক্যাম্পাস বন্ধ থাকায় সাংবাদিকতা করতে পারছি না। তবে নিয়মিত খবরের কাগজ পড়ে দেশের ও বৈশ্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।
জান্নাতুল ফেরদৌস বলেন, এত দীর্ঘ সময় ধরে ক্যাম্পাস কখনোই বন্ধ থাকে না। কোয়ারেন্টিনের এই সময়টাতে পরিবারের সঙ্গে ভালো সময় কাটছে। বই পড়া, ঘরের কাজে মাকে সাহায্য করা ছাড়াও নিজের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছি। অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে জানা ও শেখার চর্চা অব্যাহত আছে। সব মিলিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছি।
তুহিন ইমরান, বার্তা ২৪ ডটকম প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ক্যাম্পাসে সবার বিরাম থাকলেও আমাদের ছুটতে হতো খবরের পেছনে, ঘটনার আড়ালে। কিন্তু করোনার প্রাদুর্ভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বলতে গেলে অনেকটা অলস সময় কাটাচ্ছি এখন। সময়গুলো কাটছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, আর্টিকেল পড়ে। এ ছাড়া প্রাসঙ্গিক ইস্যুতে কলাম লিখছি, ইতিহাস প্রাসঙ্গিক বিভিন্ন পিডিএফ বই পড়ছি। তবে ক্যাম্পাসের কোলাহল বড্ড মিস করছি। আশা করছি, অচিরেই দুর্যোগ কেটে যাবে। আবার ফিরব ক্যাম্পাসে। পুরোদমে চলবে আমাদের ক্যাম্পাস সাংবাদিকতা।
ফাতেমা তুজ জিনিয়া, দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ক্লাস, পরীক্ষা আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়ে নিতে গিয়ে কিছুদিন আগেও ব্যস্ততাপূর্ণ সময় পার করেছি। সেই সময়টায় অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কবে একটু ছুটি পাব। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎই সেই গল্পটা পাল্টে দিয়েছে। ব্যস্ত জীবনের সমাপ্তি ঘটিয়েছে। এখন আর ছুটির জন্য নয়, ছুটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করি।
ফাতেমা তুজ জিনিয়া বলেন, এই আতঙ্কপূর্ণ অবসর সময়টাতে কোনো কিছুতেই সঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তবু চেষ্টা করছি বই পড়তে। এ ছাড়া মাঝেমধ্যে কিছু ইভেন্ট রিপোর্ট, স্পেশাল রিপোর্ট করছি। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। সব মিলিয়ে যতটা সম্ভব ভালোভাবে ঘরবন্দী থেকে সময়টা পার করার চেষ্টা করছি।
ক্যাম্পাস সাংবাদিকেরা শুধু খবরের ফেরিওয়ালা নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবেও কাজ করতে হয় বলে মন্তব্য করেন আহসান জোবায়ের। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বলেন, বিভিন্ন সমস্যা জানা, সমাধানের চেষ্টা করা, প্রশাসনের কর্তাব্যক্তিদের অবহিত করা—এসব বিষয়ই একজন ক্যাম্পাস সাংবাদিককে দেখতে হয়। আর সমস্যার বাস্তবিক কোনো সমাধান না এলে গণমাধ্যমে সেটা প্রচার করতে হয়।
আহসান জোবায়ের বলেন, কার্যত ক্যাম্পাস সাংবাদিকেরাই নানা চড়াই–উতরাই পেরিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে মুখ ও কলম দিয়ে কাজ করে। করোনার এই দুঃসময়ে এই দায়িত্বটা আরও বেশি। আগে ক্যাম্পাস সাংবাদিকদের গণ্ডিটা ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সেটা পুরো দেশে ছড়িয়ে–ছিটিয়ে আছে। দেশের যেকোনো মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সমস্যায় পড়লে সেটা শুনতে হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো এবং সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যেও কাজ করার একটা দায়বদ্ধতা ক্যাম্পাস সাংবাদিকদের আছে। সব মিলিয়ে সংকট-সমাধান আর খবরের মাঝেই কাটছে হোম কোয়ারেন্টিন।
ফায়জুন নাহার সিতু, ডেইলি বাংলাদেশ প্রতিনিধি, গণবিশ্ববিদ্যালয়। তিনি বলেন, একজন ক্যাম্পাস সাংবাদিক হিসেবে, ক্যাম্পাসে ক্লাস করার পাশাপাশি আমার প্রতিদিনের কাজ ছিল ক্যাম্পাস ঘুরে খবর সংগ্রহ করা। করোনাভাইরাসের সংক্রমণ আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। ঘরে বসেই কাটাতে হচ্ছে এই সময়গুলো। তবে থেমে থাকছে না খবর সংগ্রহ। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যতটুকু খবর সংগ্রহ করা যায়, তা সংগ্রহ করছি এবং অপরকে জানাচ্ছি। নিজের বাড়ির আসবাব যেমন জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করছি এবং প্রয়োজনমতো সাবান দিয়ে হাত পরিষ্কার করছি, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপরকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।
ফায়জুন নাহার সিতু বলেন, অধিকাংশ সময় কাটছে সাহিত্যচর্চায় ও লেখালেখি করে। তা ছাড়া বাড়ির আঙিনায় গাছগুলোরও যত্ন করছি। হোস্টেলের একঘেয়ে খাবার থেকে মুক্তি পেয়েছি। মায়ের হাতের রান্না খেয়ে ভালোই দিন কাটছে। তবে এই অচলাবস্থা আমাদের দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব ফেলছে। দেশের অর্থনৈতিক কাঠামোসহ অন্যান্য খাতের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা আমায় শঙ্কিত করছে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি, যেন এই কঠিন সময় আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারি।
মাইদুল ইসলাম মিঠুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো প্রতিনিধি। তিনি বলেন, প্রায় দেড় মাস বাড়িতে আছি। দীর্ঘ ব্যস্ততা শেষে বিশ্রামের অফুরন্ত সময় পেয়েছি বলে ছুটির প্রথম দিকে বেশ ভালো লাগা কাজ করছিল। তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি। কয়েক দিন যেতে না–যেতেই নিজের ব্যস্ততাকে মিস করতে শুরু করলাম। দিন যত যাচ্ছিল, এই অনুভূতি আরও প্রকট হচ্ছিল। নিজেকে অকর্মণ্য মনে হচ্ছিল। আর তাই নিজেকে আবার সজীব করার জন্য ছোট্ট একটা গবেষণাকাজে হাত দিয়েছি। গবেষণার বিষয়বস্তু এখনই প্রকাশ করতে চাইছি না। কাজটা শেষ করতে পারব বলে বিশ্বাস করি। পাশাপাশি বাড়িতে মায়ের বিভিন্ন কাজে সহযোগিতা করছি। মায়ের পাশে বসে রান্না শেখার চেষ্টা করছি। যদিও মা বলছেন, তোর দ্বারা রান্নাবান্না হবে না। হা হা! এ ছাড়া বিভিন্ন জাতি ও ভাষার সিনেমা, টেলিভিশন সিরিজ ও নাটক দেখে সময় কাটছে। আশা করি, খুব ভালো ও ফলপ্রসূভাবে ভ্যাকেশন বা লকডাউন শেষ করতে না পারলেও একেবারে খালি হাতে ফিরব না।
ইসমাইল রিফাত, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ঈদে, পূজায়, বিভিন্ন ছুটিতে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে যাওয়া হয় একদম শেষ মুহূর্তে এবং ক্যাম্পাসে ফেরা হয় আগেভাগেই। এবারও এর ব্যতিক্রম হয়নি, একদম শেষ মুহূর্তে বাড়ি ফিরলেও কবে ক্যাম্পাসে ফিরব, তা এখনো অজানা। প্রতিদিনেই ক্লাস-পরীক্ষা ছাড়াও নিজের সময়টুকু ক্যাম্পাসের সঙ্গে জড়িয়ে থাকত। ব্যস্ততা যে অনেক সময় ভালো লাগার বড় কারণ হয়, তা করোনাকাল না এলে বুঝতেই পেতাম না। হল জীবনে পেয়েছি সাংবাদিক সব রুমমেট৷ রুমটাও আরেক ধরনের ক্যাম্পাস মনে হয়। কখনো একাকী সময় কাটাতে হয়নি। তাই এখন ঘরবন্দী থাকতে বিরক্তি লাগছে।
ইসমাইল রিফাত বলেন, বাড়িতে এসে এবার অভিজ্ঞতা ভিন্ন ছিল। প্রতিবেশী মিলে পুরো এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছি। অর্ধশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। প্রিয় ক্যাম্পাস নিয়ে লেখালেখি করছি। নিয়মিত বই পড়া, মুভি, নাটক দেখছি। এসব নিয়ে কাটছে দিনগুলো।
সুমাইয়া আখতার তারিন, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। ক্যাম্পাস বন্ধ থাকায় বাড়িতে চলে এসেছি অনেক আগেই। আসার পর থেকে সারা দিন বাসায়ই সময় কাটছে। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাচ্ছি না। বাসায় বসে মুভি দেখা, বই পড়া, গান শোনা, টিভিতে নিউজ দেখা, অনলাইনে নিউজ পড়া, ফেসবুকিং—এসব নিয়েই সময় কাটছে। এ ছাড়া মাঝেমধ্যে মাকে বাসার কাজে টুকটাক সাহায্য করি। এর বাইরে করোনা নিয়ে আশপাশের মানুষদের যতটা পারছি সচেতন করছি, বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছি।
* লেখক: শিক্ষার্থী, গণবিশ্ববিদ্যালয়