কেমন ছিল ছোট্ট দীপঙ্কর?

ছোট্ট দীপঙ্কর। ছিল চুপচাপ। কিছুটা কাটখোট্টাও। প্রয়োজন ছাড়া বেশি কথা বলত না। কারও কিছু খারাপ লাগলে বলে ফেলত মুখের ওপর। একা একা থাকা ভাবুক দীপঙ্করকে সহপাঠীরা ভাবত অহংকারী। কিন্তু আমরা যারা কাছের ছিলাম, তারা জানতাম ও অমনই। আনমনা, ভাবুক।
দীপঙ্করের ছোটবেলার সহপাঠী ছিলাম আমি। আজ বুঝি, মহাবিশ্বের অপার রহস্য উন্মোচনের পোকা হয়তো তখন থেকেই তার মাথায় ঘুরে বেড়াত। এ জন্যই শ্রেণিকক্ষে সবাই যখন দুষ্টুমিতে মেতে উঠত, উদাস দীপঙ্কর তখন জানালার বাইরে তাকিয়ে থাকত। একা একা রাস্তায় ঘুরে বেড়াত।
যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের যে দলটি মহাকর্ষীয় তরঙ্গসংকেত শনাক্ত করার আলোড়ন তোলা ঘোষণা দিয়েছে, আমাদের দীপঙ্কর সেই দলেরই একজন। এমন খবর পেয়ে প্রথমে বিশ্বাসই হয়নি। যখন বুঝতে পারি, এই সেই দীপঙ্কর, আনন্দে মনটা ভরে যায়। প্রথম আলোয় প্রকাশিত দীপঙ্করের ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখছিলাম আর ভাবছিলাম, ও কত বড় কাজটাই না করে ফেলেছে!
আনমনা হলেও সময় ও নিয়ম মেনে চলত দীপঙ্কর। আগে আগে স্কুলে আসত। সামনের সারিতেই বসত। শিক্ষকের করা প্রশ্নের উত্তরও চট করে আগে ওর মাথায়ই আসত।
বরগুনা জিলা স্কুল-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর দীপঙ্কর জিলা স্কুলে পড়াশোনা শুরু করে। এরপর বরগুনা সরকারি কলেজে। স্কুল-কলেজ জীবনের পুরোটা সময় প্রায় একইরকম ছিল দীপঙ্কর। সস্তা পোশাক পরে আসত। নিজের মাঝেই বিভোর থাকত।
জিলা স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ভাবুক দীপঙ্করের আরেক গুণের কথা বের হয়ে আসে। শহরের বালিকা বিদ্যালয় সড়কে ওদের তালুকদার বাড়ির একটা আলাদা ঐতিহ্য ছিল। প্রতিবছর কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজায় জাঁকজমক হতো। আমাদের এক সহপাঠী খবর দিল, দীপঙ্কর নাকি ওদের বাড়ির সব পূজার প্রতিমা তৈরিতে হাত লাগায়! সত্যতা যাচাই করতে একবার কালীপূজায় লুকিয়ে লুকিয়ে আমরা বন্ধুরা ওদের বাড়ির পূজামণ্ডপে যাই। মুগ্ধ হয়ে দেখি, দীপঙ্কর একমনে প্রতিমা গড়ার কাজ করছে।
এখনো দীপঙ্করের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাঝে মাঝে কথা হয়। তখন পুরোনো দিনের কথা আসে। আবেগ এসে ভর করে। মনে মনে বলি, ‘বন্ধু, তুমি এগিয়ে যাও।’
আরও জানতে পড়ুন..
অভিনন্দন, দীপঙ্কর তালুকদার!