কেমন ছিল ১৫ আগস্ট রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সাধারণত রাত নয়টার দিকে বাসায় ফিরতেন। কিন্তু কেন যেন ওই দিন আটটার মধ্যেই ফিরে এলেন। তাঁর চিরচেনা একটা স্বভাব ছিল, প্রবেশপথে অফিসকক্ষের পর্দাটা সরিয়ে একটা মুচকি হাসি দিতেন, ভেতরে এসে কাউকে গালে টোকা দিতেন, কাউকে একটা হালকা চড় মারতেন আবার আদর করে ওপরে উঠে চলে যেতেন। সেদিনও এর ব্যতিক্রম হয়নি।
এই বর্ণনা পঁচাত্তরের ১৫ আগস্টের। বর্ণনা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলাম। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ও অন্যতম প্রধান সাক্ষী। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘জাতির জনক’ শীর্ষক আলোচনা সভায় তিনি ছিলেন আলোচক।
মুহিতুল ইসলাম বলেন, ‘দুর্ভাগ্যবশত ওই দিন রাত আটটা থেকে আমার ডিউটি ছিল। রাত ১২টার দিকে ওই বাসার সবাই ঘুমিয়ে যেত। তখন আমাদের কোনো কাজ থাকত না। ওখানে একটা ইমারজেন্সি গাড়ি ছিল, সেটা ড্রাইভ করে চলে যাই বনানীর এক বাসায়, পরে কলাবাগানে আরেকটা বাসায় আড্ডা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে চলে আসি। সেন্ট্রিদের সঙ্গে আড়াইটা পর্যন্ত গল্প করে ঘুমাতে যাই। আমার ঘুমটা খুব তাড়াতাড়ি আসে না, কিন্তু সেদিন শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি।’
হঠাৎ টেলিফোন মিস্ত্রি মুহিতুলকে বললেন, প্রেসিডেন্ট সাহেব ডাকছেন। মুহিতুল টেলিফোন ধরলেন। বঙ্গবন্ধুর কণ্ঠ, সেরনিয়াবাতের বাসায় আক্রমণ হয়েছে। পুলিশকে লাগাও। মুহিতুল পুলিশকে না পেয়ে গণভবনের অপারেটরের সঙ্গে কথা বলছিলেন। বঙ্গবন্ধু নিজেই নিচে নেমে এলেন। টেলিফোন হাতে নিয়ে বললেন, ‘আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি।’ এরপরই বৃষ্টির মতো গুলি।
মুহিতুল বলছিলেন, ‘উনি আমার পাশে শুয়ে পড়লেন। আমি টেলিফোনে চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ একটা জানালার কাচ ভেঙে কানের পাশে কেটে যায়। বঙ্গবন্ধু হয়তো ভেবেছিলেন, আমার গুলি লেগেছে। আমাকে টেনে ধরে তাঁর পাশে শুইয়ে দিলেন। বললেন, তোর খুব লেগেছে তাই না রে?’
গুলি থেমে গেলে পাশের কক্ষ থেকে ডিএসপি এলেন। কাজের ছেলে পাঞ্জাবি আর চশমা নিয়ে এল। বঙ্গবন্ধু বেরিয়ে বললেন, ‘পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, এত গুলি চলছে তোমরা কী করো?’ বলে দোতলায় উঠে চলে গেলেন। একটু পরেই খালি হাতে নেমে এলেন শেখ কামাল। সঙ্গে সঙ্গে পাঁচ-ছয়জন ঘাতক এসে ফায়ার করে দিল। মুহিতুল ঘাতকদের বললেন, ইনি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। ওরা গালি দিল। কামালের বুক ঝাঁজরা হয়ে যায়। মুহিতুলের পায়েও গুলি লাগে।
ডিএসপি মুহিতুলকে অন্য দরজা দিয়ে টেনে বের হয়ে এলেন। গেটে পৌঁছানোর পর ঘাতক বজলুল হুদা আরও কয়েকজনকে নিয়ে তাঁদের আটকালেন। ডিএসপি বললেন, ‘আমরা তো রাজনীতি করি না। সরকার এখানে দায়িত্ব দিয়েছে, পালন করতে এসেছি। আমাদের কেন মারবেন? ’
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র এই সভার আয়োজন করেছিল। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক দেবপ্রসাদ দা এতে সভাপতিত্ব করেন। উপস্থিত শ্রোতারা পিনপতন নীরবতায় এই বর্ণনা শুনছিলেন। সভায় আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর মহাসচিব হারুন হাবীব।
মুহিতুলের ভাষায়, ‘ওই বাড়িতে তখন গুলি আর গুলি। মহিলাদের কান্না, আহাজারি আর মৃত্যুযন্ত্রণা। হঠাৎ বঙ্গবন্ধুর একটা কথা শুনতে পেলাম। তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? ওই মুহূর্তেই ব্রাশফায়ার। পরে আর তাঁর কণ্ঠ শোনা যায়নি।’
মুহিতুল বলেন, ব্যবসার কাজে ঢাকায় এসেছিলেন নাসের কাকা (বঙ্গবন্ধুর ভাই)। তাঁকে নিচে নিয়ে আসা হলো। ঘাতকদের একজন বলল, নাসের ইজ ব্যাটার দেন শেখ মুজিব। কিন্তু এরপরই বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশফায়ার।
মুহিতুল ওই রাতের বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, ‘পরে রাসেলকে নিচে নিয়ে এল। ও আমাকে জড়িয়ে ধরল। এটা দেখে ঘাতকেরা আমাকে বেশ মারল। আমাকে মারতে দেখে রাসেল আস্তে করে আমাকে ছেড়ে দিল। অবাক হয়ে তাকিয়ে রইল। রাসেলকে পুলিশ বক্সে দাঁড় করাল। সে বলল, মায়ের কাছে যাব। একজন ওকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ভেতরে গিয়েই ব্রাশফায়ার করে দিল। ওটাই ছিল রাতের শেষ হত্যাকাণ্ড।’