কেমন ধর্ম তারা রক্ষা করল, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হামলাকারীরা কোনো ধর্মই বিশ্বাস করে না। এদের কোনো ধর্ম নেই। সন্ত্রাসই এদের ধর্ম।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারলেনে উন্নীত করা ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক নির্মাণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বাংলাদেশের সব সময় একটা সিদ্ধান্ত রয়েছে যে আমরা বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ চাই না। এই ধরনের ঘটনা এই প্রথম। এর আগে তারা টুকটাক করে একটা-দুটো ঘটনা, মানুষ হত্যা করে যাচ্ছিল; কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে। যারা এভাবে জঙ্গি হয়ে ঢুকল, সন্ত্রাসী হয়ে ঢুকল এবং মানুষ হত্যা করল; তারা নিজেরাও তো বাঁচতে পারল না।’
শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে...এশার আজান হয়েছে অথচ আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে। তাহলে কেমন মুসলমান তারা? কেমন ধর্ম তারা রক্ষা করল? তারা নামাজ রেখে মানুষ খুন করতে চলে গেল? আর সেখানে নিজেরাও বাঁচতে পারল না, তাদেরও মরতে হলো। তাদের পরিবার, তারাই বা কী পেল?’
প্রধানমন্ত্রী এ সময় আক্ষেপ করে বলেন, ‘কেন যে এ ধরনের সন্ত্রাসের পথে মানুষ যায় সেটা আমার বোধগম্য নয়। যেভাবে তারা হত্যা করেছে, একটা জিঘাংসা-প্রতিহিংসা চরিতার্থ করেছে। একটা মানুষ অপর একটা মানুষের ওপর কি করে এভাবে আক্রমণ করে? তাও এই পবিত্র রমজান মাসে। আল্লাহর রহমতে আমরা এদের দমন করতে পেরেছি, খতম করতে পেরেছি। এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকর করি। আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরও ধন্যবাদ।’