কেমন যাবে ২০১৪
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
২০১৪ আপনার ভালোই কাটবে। আপনি যে বাসে চড়বেন ওই বাসে আগুন লাগলেও আপনি বেঁচে যাবেন। তবে হাতে-পায়ে একটু পুড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই সঙ্গে সব সময় এক বোতল পানি রাখুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আপনার ভাগ্য ভালোই বলা যায়। অনেক টিভি চ্যানেল আসছে। সেগুলোর টক শোতে আলোচনার প্রস্তাব পেতে পারেন। তবে বুঝে-শুনে কথা বলবেন টক শোতে।
মিথুন (২২ মে-২১ জুন)
এ বছর আপনার খুবই ভালো কাটবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের ব্যবসাভাগ্য ভালো হয়। এ বছর আপনি ব্যবসায় নামলে সফল হবেন। স্বল্প পুঁজি নিয়ে ককটেলের ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তা না পারলে স্কচটেপ, কেরোসিন কিংবা পেট্রল ব্যবসায়ও নামতে পারেন। সফল আপনি হবেনই।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
রাশিগত দিক থেকে আপনি বেশ শক্ত ও সাহসী মানুষ। তবে ২০১৪ আপনার ভালো কাটবে না। দূরের যাত্রা তো দূরের কথা, আপনি কাছের যাত্রাও এড়িয়ে চলুন। ভুলেও ট্রেন কিংবা বাসে চড়তে যাবেন না।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে এ বছর। এ জন্য পুরোনো প্রেমিক কিংবা প্রেমিকাকে আনব্লক করুন এবং ফ্রেন্ড রিকোয়েস্টে নিয়মিত
চোখ রাখুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
এ বছর ফেসবুকে অনেক লাইক পাবেন। কমেন্টও পাবেন। তাই ফেসবুকে সময় দিন। ফটোশপটা শিখে নিন। এবার অনেক প্রোফাইল পিকচার দিতে হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বড় ভবনে ওঠা থেকে বিরত থাকুন। ভুলেও কোনো ভবনের পিলার ধরে নাড়াচাড়া করবেন না। ভবন ধসে যেতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
এ বছর আপনার খবর আছে। পড়াশোনায় মনোযোগ দিন। গার্লফ্রেন্ডের সঙ্গে বুঝে-শুনে কথা বলুন। অন্য মেয়ের দিকে চোখ দেবেন না।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পাওনা টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে দেখতে পারেন। পাওনা টাকা উদ্ধার হতে পারে। ফেসবুকের পাসওয়ার্ড শক্ত করুন। হ্যাক হওয়ার আশঙ্কা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
নেতানেত্রীদের এড়িয়ে চলুন। না হলে গালি শুনবেন, ‘কত দিন হয়েছে চাকরি করেন? চুপ থাকো, বেয়াদব কোথাকার।’ নিজের এলাকার নাম নিয়ে সাবধান। নাম বদলে যেতে পারে!
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্লগ দিয়ে ইন্টারনেট চালাতে যাবেন না। না হলে আপনার খবর আছে। অনেক বিপদ আছে বছরজুড়ে। নিকটস্থ হাসপাতাল কিংবা পুলিশ স্টেশনের নম্বর সঙ্গে রাখুন সব সময়।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া পেতে পারেন। পছন্দের ব্যক্তিকে তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কোনো রাজনৈতিক দল থেকে পিকেটিংয়ের অফার আসতে পারে। তাই প্র্যাকটিস করে রাখুন।