চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কার্যকারিতা নিয়ে দুই রকম মত পাওয়া গেছে। একপক্ষ বলছে, এটি নির্মিত হলে যান চলাচল সহজ হবে। অন্যপক্ষের মতে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে মুষ্টিমেয় মানুষ সুবিধা পাবে। আর সিডিএর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগর ও দক্ষিণ চট্টগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পাশাপাশি নগরের বিদ্যমান যানজটও নিরসন হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গত মঙ্গলবারের সভায় ৩ হাজার ২৫০ কোটি ৮৪ লাখ টাকার এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ‘চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের পুরো টাকা সরকারি উৎস থেকে জোগান দেওয়া হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৮ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য সাড়ে ১৬ কিলোমিটার। এর প্রশস্ততা হবে সাড়ে ১৬ মিটার। আর ৯টি এলাকায় ২৪টি র্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) থাকবে। টাইগারপাসে ৪টি, আগ্রাবাদে ৪টি, বারেক বিল্ডিং মোড়ে ২টি, নিমতলী মোড়ে ২টি, কাস্টমস মোড়ে ২টি, সিইপিজেডে ৪টি, কেইপিজেডে ২টি, কাঠগড়ে ২টি, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ২টি করে র্যাম্প থাকবে। উড়ালসড়কের মতোই এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যন্ত্রচালিত যান চলবে। তবে এটি দৈর্ঘ্যে বেশ বড়।
নগরের বিভিন্ন মোড় ও এলাকায় র্যাম্প থাকায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর অনেক উপকারে আসবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা স্টাডি (সমীক্ষা) করে দেখেছিলাম, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যত বেশি ওঠা-নামার পথ থাকবে, তত বেশি কার্যকর হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেকগুলো র্যাম্প রাখা হয়েছে। ওঠা-নামার অনেক পথ থাকায় মানুষের যাতায়াতব্যবস্থা সহজ হবে।’
চুয়েটের জ্যেষ্ঠ অধ্যাপক মাহমুদ ওমর ইমাম আশঙ্কা প্রকাশ করে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ দিতে হলে সদ্য চালু হওয়া মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়কের লালখান বাজার প্রান্তের অংশটি ভাঙতে হতে পারে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে মাত্র ২ শতাংশ মানুষ সুবিধা পাবে বলে দাবি করেছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। সড়ক ও যোগাযোগ বিশেষজ্ঞ এই প্রকৌশলী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থাপনায় চরম নৈরাজ্য চলছে। এই ব্যবস্থাপনা উন্নত না করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও উড়ালসড়ক নির্মাণ করে কোনো লাভ নেই। আবার এসব উড়ালসড়কে গণপরিবহনও চলাচল করে না। তাই জনসাধারণের কোনো কাজে আসে না।
সিডিএর প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৫৮ কোটি ১৪ লাখ টাকায় ১৩৮ কাঠা জমি অধিগ্রহণ করা হবে। মূল অবকাঠামো (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৫১১ কোটি ৯১ লাখ টাকা। ফুটপাত পুনর্নির্মাণে খরচ হবে ২৩১ কোটি টাকা। এ ছাড়া ওয়াসা, টিঅ্যান্ডটি ও গ্যাসলাইন স্থানান্তরে ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা এবং ৩ হাজার বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হবে ১৮ কোটি টাকায়।
সিডিএর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, একনেকের অনুমোদনের পর পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর ঠিকাদার নিয়োগ করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে তিন মাসের মধ্যে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে সিডিএর। এ জন্য মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়কের কোনো অংশ ভাঙতে হবে না। এভাবেই নকশা প্রণয়ন করা হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের আগে সিডিএ এর আগে নগরের বহদ্দারহাটে চার লেনের ১ দশমিক ৩৩৭ কিলোমিটার দীর্ঘ এবং কদমতলীতে দুই লেনের এক কিলোমিটার দৈর্ঘ্যের ২টি উড়ালসড়ক নির্মাণ করে। এ ছাড়া মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৬ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের আরেকটি উড়ালসড়ক নির্মাণ করছে সিডিএ। এর মধ্যে গত ১৬ জুন চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত উড়ালসড়কের এক পাশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি প্রথম আলোকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে চট্টগ্রাম নগর ও দক্ষিণ চট্টগ্রামের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। নগরের যানজটও নিরসন হবে।