কেমিক্যাল মেট্রোলজি গবেষণাগার স্থাপন করছে বিএসটিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) একটি আন্তর্জাতিক মানের কেমিক্যাল মেট্রোলজি গবেষণাগার স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এ গবেষণাগারে বিভিন্ন খাদ্য ও ভোগ্যপণ্যে উপস্থিত রাসায়নিক উপাদানের যথাযথ পরিমাপ করা যাবে।গতকাল শুক্রবার রাজধানীর বিএসটিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘রাসায়নিক পরিমাপ: মোদের জীবন, মোদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। অষ্টম বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা বলেন, মানুষের দৈনন্দিন জীবন যাপনের সঙ্গে রাসায়নিক পরিমাপের বিষয়টি গভীরভাবে জড়িত। প্রসাধনী, ওষুধ, লবণ, প্লাস্টিক বোতল, জামাকাপড়, চামড়া, রাসায়নিক সার ও কীটনাশকে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ থাকলে তা মানুষের শরীরে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলক বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে। এ জন্য আইনগত ব্যবস্থা নিতে বক্তারা সরকারকে পরামর্শ দেন।সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. ফখরুল ইসলাম ও আন্তর্জাতিক মেট্রোলজি বিশেষজ্ঞ ফ্রাঞ্জ হ্যান্সবার্গার। অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ, বিএসটিআইয়ের পরিচালক মো. খাদেমুল ইসলাম আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ।