কেয়া কারখানায় আবারও দুই শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় গতকাল শনিবার সকালে কেয়া নিট কম্পোজিট নামে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
এর আগে গত বুধবার সকালে এই কারখানার ক্যানটিনে পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন।
কারাখানার শ্রমিক, কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দেন শ্রমিকেরা। সকাল ১০টার দিকে সেলাই বিভাগের কিছু শ্রমিক বমি করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। এ সময় তাঁদের মুখ দিয়ে লালা বের হতে থাকে, পেট ব্যথা শুরু হয় ও মাথা ঘোরাতে থাকে। অনেকের খিঁচুনি দেখা দেয়। পরে পুলিশের সহযোগিতায় কারখানা কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। দ্বিতীয় দফায় আবারও শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনার জেরে ক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন।
কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুয়িং অপারেটর মরিয়ম বেগম বলেন, গতকাল শনিবার কাজ করার সময় হঠাৎ করে মাথা ঘোরানো, বমিভাব ও শরীর ঘামতে থাকে।
এই হাসপাতালের চিকিৎসক খান মো. শরীফ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানার শতাধিক অসুস্থ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থ শ্রমিকদের লক্ষণ দেখে এটাকে ‘মাস হিস্টেরিয়া’ রোগ বলে জানান তিনি।
কারখানার মহাব্যবস্থাপক আর এ সোহেল জানান, গতকাল শনিবার সকাল আটটার দিকে অন্যদিনের মতো কারখানার সুয়িং ফ্লোরে শ্রমিকেরা কাজে যোগ দেন। ঘণ্টা খানেক পর সকাল ১০টার দিকে শ্রমিকেরা একে একে অসুস্থ হয়ে পড়েন। কারও মুখে লালা ঝরতে ও অচেতন হয়ে পড়তে দেখা যায়। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। গত বুধবার কারখানার পানি পান করে অসুস্থ হয়ে পড়ায় সেখান থেকে আজ তাঁদের পানি সরবরাহ করা হয়নি।
তবে পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক পাঠান বলেন, ঈদের আগে কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটি চক্র শ্রমিকদের ব্যবহার করছে। সকালে পরিচয়পত্র ব্যবহার করে তারা ভেতরে ঢোকে। পরে অসুস্থ না হলেও ১০-১২ জন করে শ্রমিক অসুস্থতার ভান করে এবং অন্য শ্রমিকেরা কারখানা ছুটি ও বন্ধ করে দেওয়ার তৎপরতা চালায়।
গাজীপুর শিল্প-পুলিশের এএসপি খোরশেদ আলম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।