
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী চার সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়রদের অভিনন্দন জানান। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
এর আগে বিএনপির মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বলেন, ‘চার সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এটা সারা দেশের মানুষের বিজয়। এর মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ পেয়েছে। তিনি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান।
মওদুদ জানান, সরকার ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং ক্ষমতাসীনদের প্রভাবের পরও চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হযেছে।
সরকারের সমালোচনা করে মওদুদ আহমেদ বলেন, ‘এ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে—সরকার এখন এমন কথা বলবে। আমরা এমন বক্তব্য প্রত্যাখ্যান করব। চার সিটিতে বিরোধী দল-সমর্থিত প্রার্থীরা জয়ী হওয়ার পরও নির্দলীয় সরকারের আন্দোলন অব্যাহত থাকবে। কারণ, জাতীয় নির্বাচন ও সিটি নির্বাচন এক নয়। আকাশ-পাতাল ব্যবধান। আমরা আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছিলাম। জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের অধীনে হতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সদস্য কথা বললেন। উনার পদ নেই, উপনেতাও নন। আর কোনো অসাংবিধানিক সরকারকে, কাউকে আনার চেষ্টা করবেন না। তাতে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না। আর যাঁরা ডিগবাজি-বিশারদ, তাঁদের অসুবিধা নেই, অন্যদের অসুবিধা হবে। জনগণ চাইলে থাকব, না চাইলে থাকব না। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসা আমরা ঘৃণা করি।’
শেখ হাসিনা বলেন, জিয়া-এরশাদ-বিরোধীদলীয় নেতার (খালদা জিয়া) সময়ের প্রতিটি নির্বাচনই ভোটচুরির নির্বাচন। তিনি জিয়াউর রহমানের সামরিক শাসনের সময় হ্যাঁ-না ভোট, রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘ভোট ডাকাতি, ভোট চুরি কী হয়নি! তখন নির্বাচন মানেই ১০টা হোন্ডা, ২০ গুন্ডা, নির্বাচন ঠান্ডা। চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মহিউদ্দিন চৌধুরীর ফল ঘোষণা আটকে ছিল। জনগণের পাহারায় ফল দিতে হয়েছে। ২০০৪ সালে ঢাকা-১০, মিরপুর উপনির্বাচন, মাগুরা উপনির্বাচনে ভোটের হিসাব পাল্টে গেল—এটাই ছিল বাস্তবতা। নির্বাচন মানেই ছিল আতঙ্ক, নির্যাতন, অত্যাচার, কালোটাকার প্রভাব, সংখ্যালঘু নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, ব্যালটে সিল, বাক্স ভরা।’
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ছিল বলেই দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পেরেছে। প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব। দীর্ঘদিনের প্রচেষ্টায় জনগণের কাছে তাদের সাংবিধানিক অধিকার তুলে দেওয়া গেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল নির্বাচনে এমন একটা ব্যবস্থায় নিয়ে আসা যাতে অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ যাঁকে চাইবেন, তিনি নির্বাচিত হবেন। এ সরকারের মেয়াদে পাঁচ হাজার ৬৪৬টি নির্বাচনের একটিতেও কারচুপি হয়েছে, সরকার হস্তক্ষেপ করেছে—এমন অভিযোগ কেউ করতে পারবে না।’
প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও অগণতান্ত্রিক শক্তি এক হয়েছে। গণমাধ্যমে দেখলাম, এক রিকশাচালকের পরিবারের ১০ জনকে এক হাজার টাকা করে দিয়েছে। জনগণের চুরি করা টাকা গরিবের হাতে গেছে, এটা একটা ভালো। সুষ্ঠু নির্বাচন না হলে গরিবের হাতে টাকা যেত না।
শেখ হাসিনা বলেন, ‘যখন ফল বেরুচ্ছিল, তখন আমি বলেছি, কোনো গন্ডগোল দেখতে চাই না। জনগণ যাঁকে ভোট দেবে মেনে নিতে হবে। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’