প্রথম আলোর স্কুল বিতর্ক উৎসব ২০১৭ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ অঞ্চলে প্রস্তুতি সভা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল তিনটায় কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উৎসবের প্রস্তুতি সভা ও শিক্ষকদের মতবিনিময় সভা সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। বক্তব্য দেন বন্ধুসভা ঢাকা মহানগরের সভাপতি হাসান মাহমুদ, বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষক কৌশিক, খায়রুন্নাহার, ঋত্বিক, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মো. শোয়েব, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি আবু রায়হান প্রমুখ। ২৫ মার্চ কেরানীগঞ্জ অঞ্চলের জিনজিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চবিদ্যালয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে।
গতকালের অনুষ্ঠানে সিলভ্যান স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিজয় সরকার বলেন, কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করায় নতুন মাত্রা যোগ হয়েছে। কলাতিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল ইসলাম বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া শেখায়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখার জন্য শিক্ষার্থীদের বিতর্কে অংশগ্রহণ করা দরকার।
মতবিনিময়ের একপর্যায়ে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘মেঘের চেয়ে বৃষ্টি ভালো’ শীর্ষক প্রতিযোগিতার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরে সিলভ্যান স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামান্না সাজেদা। বিপক্ষে তর্ক করে নুরু মিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অরুপ সূত্রধর।