কেরানীগঞ্জ ও গুরুদাসপুরে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। একই দাবিতে গতকাল সকালে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে মানববন্ধন ও আগের দিন বিকেলে উপজেলার ধারাবারিষার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, তেঘরিয়া এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার মানুষ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে সংযোগ সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও যানবাহনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। তেঘরিয়া এলাকার বাসিন্দা মো. বিশু মিয়া জানান, এলাকায় ২৪ ঘণ্টার প্রায় ১০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। গার্মেন্টস ব্যবসায়ী ও কেরানীগঞ্জ দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ঈশা খান জানান, দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, চরকালীগঞ্জ, কালীগঞ্জ বাজার ও খেজুরবাগ এলাকায় প্রায় পাঁচ হাজার ছোট পোশাক কারখানা রয়েছে। এসব এলাকায় এক ঘণ্টা লোডশেডিং হলে প্রতিদিন কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়।নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল সকালে নাটোরের গুরুদাসপুর শহরের চাঁচকৈড় বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে দিন-রাত মিলে ১৮-১৯ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার বলেন, বিদ্যুতের অভাবে দুই শতাধিক চালকলের উৎপাদন বন্ধ হয়ে পড়ায় শ্রমিকদের গণছাঁটাই করতে বাধ্য হচ্ছেন মিল মালিকেরা। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মজিবুল হক জানান, ঘাটতির কারণে সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।