কেরানীগঞ্জ ও গোপালগঞ্জে হবে 'সায়েন্স সিটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মেলন কক্ষে এক সেমিনারে বক্তব্য দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ছবি: প্রথম আলো
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মেলন কক্ষে এক সেমিনারে বক্তব্য দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জ ও গোপালগঞ্জে ‘সায়েন্স সিটি’ নির্মাণের চেষ্টা চলছে। এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবন ভেঙে অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে।

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বেলা একটার দিকে এক সেমিনারে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ‘বিজ্ঞানশিক্ষা সম্প্রসারণে বিজ্ঞান জাদুঘরের উদ্যোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে প্রচুর বিজ্ঞানী তৈরি করতে হবে। সরকার বিজ্ঞানচর্চা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে।

ইয়াফেস ওসমান বিজ্ঞান শিক্ষকদের কোচিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা ইঙ্গিত করে সেমিনারে বলেন, ‘আমার স্যারেরা কিন্তু অন্য কিছু নিয়ে ব্যস্ত, যা আমি মুখে তুলতে চাই না। এটা খুবই দুঃখজনক। এটা কোনো ব্যবসা নয়, এটা কোনো ব্যবসা হতে পারে না। আপনারা যেটা পারেন, পৃথিবীতে অন্য যেকোনো লোক সেটা পারে না। আপনারা একটা সমাজ, দেশ, একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন।’

দেশে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইয়াফেস ওসমান বলেন, ‘প্রথম দিকে ডিজিটাল বাংলাদেশ বললে নাক সিটকাত সবাই। কারেন্ট চলে গেলে বলত এই তো ডিজিটাল বাংলাদেশের নমুনা। আজকে বলে না কেন? আজকে কিন্তু কেউ বলে না। ডিজিটাল বাংলাদেশে আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন-২১ নিছক কোনো গল্প নয়।’

বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা এই বিজ্ঞান জাদুঘরকে ভেঙে বিশ্বমানের একটি অত্যাধুনিক জাদুঘর তৈরির জন্য পরিকল্পনা কমিশনে পেশ করেছি। ঢাকার কেরানীগঞ্জ ও গোপালগঞ্জে সায়েন্স সিটি করার চেষ্টা করছি। এগুলোই বিজ্ঞানীদের নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করবে। এভাবেই এগোতে হবে। আনুষ্ঠানিক শিক্ষা ও ব্যবহারিক শিক্ষাকে সমন্বয় করে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। একটি বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করতে হবে।’

সেমিনারে রাজধানী ও এর আশপাশের এলাকার প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিজ্ঞানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। শিক্ষকেরা সেমিনারে বিজ্ঞান শিক্ষায় নিজ নিজ প্রতিষ্ঠানের চিত্র ও অভিজ্ঞতা তুলে ধরেন। লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা সেমিনারে বলেন, ‘আমাদের সিলেবাসটি বারবার বিজ্ঞানকে আঘাত করেছে।’ এই সিলেবাস বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সহায়ক হয়নি বলে তিনি অভিযোগ করেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় বলেন, ‘আমাদের উন্নয়নের জন্য প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলে তিনি বলেছেন, তোমরা একটি গোডাউন নিয়ে বিজ্ঞান জাদুঘর ও বিজ্ঞান চালাচ্ছ। এই গোডাউন ভাঙো। টাকা আমি দেব। এমন বিজ্ঞান জাদুঘর বানাও, যাতে বিমান থেকে বোঝা যায় এটা বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর।’ জাদুঘরের পাশেই বিজ্ঞানীদের সেমিনার, সিম্পোজিয়াম করার জন্য একটি কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর বদিয়ার রহমান। এ ছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক নঈম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মো. মঞ্জুর রহমান প্রমুখ বক্তব্য দেন।