কেরানীগঞ্জ গণহত্যা দিবস আজ, স্মৃতিচারণা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ গণহত্যা দিবস আজ ২ এপ্রিল। দিবসটি উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার কেরানীগঞ্জ শাখার সদস্যরা গতকাল সোমবার রাত নয়টার দিকে কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকায় শহীদ মিনারের কাছে স্মৃতিচারণা ও গণসংগীত অনুষ্ঠান করেন। অনুষ্ঠান শেষে ওই দিনের শহীদদের উদ্দেশে ফানুস ওড়ানো হয়।স্মরণসভায় স্মৃতিচারণা করেন ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও কেরানীগঞ্জের সাবেক সাংসদ মোস্তফা মহসিন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রওশন ইয়াজদানী। ১৯৭১ সালের ২ এপ্রিল কাকডাকা ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী কেরানীগঞ্জের জিনজিরা, মনু বেপারীর ঢাল, কালিন্দি, নেকরোজবাগ, নজরগঞ্জ, মান্দাইল, কুশিয়ারবাগ, চড়াইল, বোরহানীবাগ, ব্রাহ্মণকিত্তা, শুভাঢ্যা, আগানগরসহ বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অসহায় মানুষকে নির্মমভাবে হত্যা করে। এই দিনটিকে কেরানীগঞ্জবাসী স্থানীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করে।সাবেক সাংসদ ও গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন বলেন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী ঢাকা শহরে আক্রমণ চালালে প্রাণের ভয়ে অনেকেই নিরাপদ ভেবে নদী পার হয়ে কেরানীগঞ্জে আশ্রয় নেয়। হানাদার বাহিনী বুঝতে পেরে পরিকল্পিতভাবে ২ এপ্রিল ভোরে সেখানে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালায়।কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান বলেন, স্বাধীনতার ৪২ বছরেও কেরানীগঞ্জে গণহত্যায় শহীদদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। ইউএনও বাবুল মিয়া বলেন, ওই শহীদদের নামের তালিকা করে তাঁদের নামে স্মৃতিফলক নির্মাণের পরিকল্পনা রয়েছে।কর্মসূচি: গণহত্যা দিবস উপলক্ষে গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে জিনজিরায় মনু বেপারীর ঢাল এলাকায় শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বালন করা হয় মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ পরিষদ ও কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে। সকালে কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ে দরিদ্রভোজের আয়োজন করা হয়েছে।নবাবগঞ্জে পতাকা উত্তোলন দিবস: নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল পতাকা উত্তোলন দিবস পালন করে মুক্তিযোদ্ধা সংসদ। ১৯৭১ সালের ১ এপ্রিল নবাবগঞ্জ ঐতিহাসিক মাঠে (বর্তমান নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে) বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন গণপরিষদের সদস্য আবু মো. সুবিদ আলী টিপু। দিনটি স্মরণে গতকাল নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পতাকা উত্তোলন করেন সুবিদ আলী।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নবাবগঞ্জের ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, কালীপদ মালু, আবদুল বাছেত প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।