কেরানীগঞ্জ গণহত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা ও বাড়িঘরে কালো পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া জিনজিরা, নজরগঞ্জ, ইমামবাড়িসহ বেশ কয়েকটি কবরস্থানে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গণহত্যায় শহীদদের স্মরণে গতকাল ভোরে জিনজিরা মনুবেপারীরঢাল এলাকায় স্মৃতিস্তম্ভে ঢাকা-২ আসনের সাংসদ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনের সাংসদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, কেরানীগঞ্জের সাবেক সাংসদ ও গণফোরাম নেতা মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কেরানীগঞ্জের সাবেক সাংসদ মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পরও গণহত্যায় শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি। পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।’