কেরানীগঞ্জ টার্মিনালে অপারেটর নিয়োগে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভা কমিটিতে পাঠানো সরকারি ক্রয়সংক্রান্ত সারসংক্ষেপে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না থাকায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা গেছে।বন্দর ব্যবহারকারীরা মনে করেন, পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে গতিশীলতা আসবে। চাপ কমবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের ওপর।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই টার্মিনাল নির্মাণ করা হয়। গত ৮ ফেব্রুয়ারি টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্র মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেয় সাত সদস্যের একটি কমিটি। এটি অনুমোদনের জন্য প্রথম দফায় ক্রয় কমিটিতে উপস্থাপন করা হলেও নানা অসংগতি তুলে ধরে তা ফেরত পাঠানো হয়। গত ২৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এই সারসংক্ষেপে পাঁচটি বিষয়ে অসংগতি তুলে ধরা হয়। এসব অসংগতি দূর করে আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়। কিন্তু গত ৩ মে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো দ্বিতীয় দফা সারসংক্ষেপেও এসব বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়নি। এ কারণে এটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এফবিবিসিসিআইয়ের পরিচালক এস এম নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘পানগাঁও চালু হতে দেরি হলে ব্যবসায়ীরা পিছিয়ে পড়বেন। কারণ, নদীপথে কনটেইনার পরিবহন চালু হলে খরচ কমবে এবং সময় সাশ্রয় হবে। হরতাল-ধর্মঘটের মতো কর্মসূচিতেও পণ্য পরিবহন ব্যাঘাত ঘটবে না।’