কেরানীগঞ্জ থেকে অপহূত বৃদ্ধার হাত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের মুগারচর এলাকার অপহূত চন্দ্র বানুর (৭৫) দেহ থেকে বিচ্ছিন্ন হাত ও পরনের শাড়ি গতকাল রোববার উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। গত ২২ মার্চ সন্ত্রাসীরা মুগারচরের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধাকে অপহরণ করে। পুলিশ জানায়, গতকাল দুপুরে পশ্চিম মুগারচর এলাকার খন্দকার মেম্বারের পুকুর পাড়ে দেহ থেকে বিচ্ছিন্ন একটি হাত ও শাড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হাত ও শাড়ি উদ্ধার করে। পুলিশের উপস্থিতিতে বিচ্ছিন্ন ওই হাত ও শাড়ি অপহূত চন্দ্রবানুর বলে শনাক্ত করেন তাঁর ছেলে ফজল হক। পরে উদ্ধার করা হাত ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, কী কারণে ওই বৃদ্ধাকে অপহরণ ও হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। ওসি জানান, পৈতৃক সূত্রে প্রায় কোটি টাকার সম্পদ পেয়েছেন চন্দ্র বানু। অপহরণের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, অপহরণের পাঁচ দিন পর গত মঙ্গলবার বৃদ্ধার ছেলে ফজল হক এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।