কেরানীগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব
ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে গত বুধবার গভীর রাতে চার কথিত অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৫১টি গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। র্যাব সূত্র জানায়, গোপনে খবর পেয়ে র্যাব-২-এর একটি দল বুধবার দিবাগত রাত একটার দিকে ঘাটারচরের একটি অটোরিকশা গ্যারেজে অভিযান চালায়। সেখান থেকে জাকির হোসেন (২৪), মোর্শেদ আলী (১৯), সুমন (২২) ও মুন্নাকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে র্যাব একটি করে রিভলবার, পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান ও ৩৫১টি গুলি উদ্ধার করে। গতকাল দুপুরে র্যাব-২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া চারজনকে হাজির করা হয়। এর মধ্যে জাকির হোসেন সাংবাদিকদের কাছে নিজেকে জমি বেচাকেনার দালাল বলে দাবি করেন। এর পরই র্যাবের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে নিয়ে ভেতরে চলে যান। তবে র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার এহ্সান সাত্তার প্রথম আলোকে বলেন, কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র ব্যবসায়ী বাদশা মিয়া তাঁর সহযোগী মোর্শেদের মাধ্যমে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করছেন বলে তাঁরা খবর পেয়েছিলেন। তাঁরা একপর্যায়ে জানতে পারেন, বুধবার রাতে মোর্শেদ বেশ কিছু অস্ত্র ও গুলির একটি চালান ঘাটারচরের ওই গ্যারেজে সন্ত্রাসী জাকির হোসেনের কাছে বিক্রি করবেন। এর ভিত্তিতেই অভিযান চালানো হয়। র্যাবের কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এ পর্যন্ত ওই এলাকায় ১২টি অস্ত্র বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন।