কেরানীগঞ্জ বালুর মাঠ থেকে দুটি লাশ উদ্ধার
দক্ষিণ কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল প্রকল্পের বালুর মাঠ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। তবে তাঁরা গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলেও এলাকার লোকজন ধারণা করছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বেলা তিনটার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর দুজনকে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে কয়েকজন বালক বালুর মাঠে খেলতে গিয়ে লাশ দুটি দেখতে পায়। এরপর পুলিশকে জানানো হয়।পুলিশ জানিয়েছে, নিহত যুবকদের বুকে, ঘাড়ে, হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের একজনের পরনে ছিল কালো জিনসের প্যান্ট। আরেকজনের পরনে কিছুই ছিল না। ঘটনাস্থলে ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে। তা থেকে ধারণা করা হয়, ওই জায়গাতেই তাঁদের হত্যা করে ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা।এলাকার বাসিন্দারা জানায়, ঢাকা-মাওয়া সড়ক থেকে ৩০০-৪০০ গজ ভেতরে নির্জন বালুর মাঠে লাশ দুটি পাওয়া যায়। সেখানে ভূমির উন্নয়নের কাজ চলছে, আশপাশে বসতি নেই। ঘটনাস্থলে পড়ে ছিল এক জোড়া স্যান্ডেল।গত ৩১ জুলাই ঢাকা-মাওয়া সড়কের পাশে সিরাজদিখানে রাজীব সরদার নামের এক তরুণের লাশ পাওয়া যায়। ওই তরুণসহ তিনজনকে ঘটনার পাঁচ দিন আগে দয়াগঞ্জ থেকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের দুজনের লাশ একই দিনে পাওয়া যায় গাজীপুরের পুবাইলে ঢাকা বাইপাস সড়কের নাগদা সেতুর ঢালে।