কেরানীগঞ্জ বিআরটিএ কার্যালয়ে বিক্ষুব্ধ গ্রাহকদের ভাঙচুর
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে গতকাল মঙ্গলবার ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষুব্ধ গ্রাহক। তবে কর্মকর্তাদের দাবি, অনৈতিক সুযোগ-সুবিধা না পেয়ে বিআরটিএর স্থানীয় দালালেরা এ কাণ্ড ঘটিয়েছে।সূত্র জানায়, বিআরটিএর স্থানীয় কার্যালয়টিতে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স তৈরির কাজ করছে ‘টাইগার আইটি’ নামের এক বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মীরা গ্রাহকদের মাঝে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সের ক্রমিক নম্বর (ডিএস) দিয়ে থাকেন। এ সময়ের মধ্যে ১০০ থেকে ১৫০টি নম্বর বিলি করা সম্ভব হলেও প্রতিদিন প্রায় তিন শতাধিক সেবাগ্রহীতা ভিড় জমান। অতিরিক্ত গ্রাহকেরা লাইসেন্সের নম্বর না পেয়ে গতকাল দুপুর একটার দিকে আইটি সেকশনে ভাঙচুর চালান। এ সময় সেবা নিতে আসা লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর সদর থেকে লাইসেন্স নিতে আসা মিজানুর রহমান বলেন, ‘দুই দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ক্রমিক নম্বর পাইনি। আমার সঙ্গে আরও অনেক গ্রাহক লাইনে দাঁড়িয়েছিলেন। গ্রাহকদের হয়রানি দূর করতে সময় কিংবা লোকবল বাড়ানো উচিত।’ কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুজ্জামান ভূঞা জানান, সেবাগ্রহীতা লোকজন ক্ষুব্ধ হয়ে আইটি সেকশনের জানালার কাচ ভাঙচুর করেছে।তবে, টাইগার আইটির অপারেশন ম্যানেজার নাসিমুল হক বলেন, ‘আমাদের কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে বিআরটিএর দালালেরা এ ঘটনা ঘটিয়েছে।’