তিতাস গ্যাস কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবারও অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ ও সাভারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ ছাড়া অবৈধভাবে সংযোগ ও গ্যাস ব্যবহারের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্য, ঠিকাদার, গ্রাহকসহ ৫৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
কেরানীগঞ্জে অভিযানে প্রায় এক হাজার ৫০০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাসের জিনজিরা আঞ্চলিক বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ জানান, সোমবার বিকেল থেকে গতকাল পর্যন্ত কেরানীগঞ্জের আইন্তা এলাকার জামিবিয়া মাদ্রাসা পর্যন্ত গ্যাসের প্রায় এক হাজার ৫০০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলাকার শুভাঢ্যা, আগানগর, কেরানীগঞ্জ মডেল টাউন, আটিবাজার, ভাড়ালিয়া, বামনশুর, খোলামুড়া, লুটেরচর, বালুচর, মধ্যেরবাজার, ঝাউচর, আইন্তা, ঘাটারচর, ভাকুর্তাসহ কমপক্ষে ২০টি গ্রামে অবৈধ সংযোগ রয়েছে।
গতকাল দুপুরে সাভারের আশুলিয়ার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৬টি পরিবারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে সাভারের তেঁতুলঝোড়া ও আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি কারখানা, একটি হোটেলসহ ১১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস সাভার আঞ্চলিক বিপণন বিভাগের কর্মকর্তারা গতকাল আশুলিয়ার গৌরীপুর এলাকায় দেড় কিলোমিটার অবৈধ লাইনের দুই প্রান্তের ৪০০ ফুট পাইপ তুলে ফেলেন। এতে ৮৩টি পরিবারের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়। এ ছাড়া একই এলাকা থেকে আরও ৪০০ ফুট পাইপ তুলে ফেলে আরও তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সোমবার চারাবাগ এলাকায় একটি হোটেলসহ নয়টি বাড়ির সংযোগ এবং রোববার তেতুলঝোড়া এলাকায় জেকেএস গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মামলা: তিতাসের গাজীপুর চন্দ্রা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আ ম সাইফুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রাতে অবৈধভাবে সংযোগ দেওয়া ও ১গ্যাস ব্যবহারের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য লাবিব উদ্দিনকে প্রধান আসামি করে তাঁর ছেলে মোশারফ হোসেন, ঠিকাদার আশিক, ভান্নারা ধোপাচালা এলাকার ঠিকাদার আবদুল করিম ও কবির হোসেন, দালাল আবদুর রাজ্জাক, হজরত আলী, মনির হোসেনসহ ৫৯ জনকে বিবাদী করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন গাজীপুর সদর, কালিয়াকৈর, সোনারগাঁও ও কেরানীগঞ্জ জোনের গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে রোববার প্রথম আলোয় খবর প্রকাশিত হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেবদক, সাভার এবং কেরানীগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি]