কেরানীগঞ্জকে ওয়াইফাইয়ের আওতায় আনার ঘোষণা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলাকে আগামী এক বছরের মধ্যে ওয়াইফাই জোনের আওতায় এনে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ৷ তিনি গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন৷
জুনাইদ আহমেদ অারও বলেন, ‘সারা দেশে আমাদের সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র রয়েছে৷ এসব কেন্দ্রে প্রতিমাসে প্রায় ৪০ লাখ মানুষ সেবা নিচ্ছে। সারা দেশে ১৯টি বিশেষ কম্পিউটার ল্যাব করা হবে। এর মধ্যে দুটিই হবে কেরানীগঞ্জে।’ তিনি আরও বলেন, ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ মিলে সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্প করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ৩০টি জায়গায় ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে পাইলট প্রকল্প হিসেবে কেরানীগঞ্জ উপজেলাকে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার থেকে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের এ মেলা শুরু হয়। মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷