কেরানীগঞ্জে অপহূত ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে অপহূত জমি ব্যবসায়ী নাজির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাত দিন পর গতকাল বুধবার সকালে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামের একটি বাড়ির ঘরের মেঝে খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, কেরানীগঞ্জের আটিবাজার ইউসুফ খাঁ গ্রামের নাজির হোসেনকে গত ২৮ জুন সন্ধ্যায় বাসা থেকে ডেকে নিয়ে যায় তাঁর কয়েকজন বন্ধু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর বন্ধু শহীদ, দিদার, ওলিউল্লাহ ও তার স্ত্রী রাজিয়া বেগমের বিরুদ্ধে অপহরণের অভিযোগে গত ২ জুলাই মামলা করেন নাজিরের চাচা আক্তার হোসেন।মামলার পরদিন পুলিশ রাজিয়াকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শহীদ ও দিদারকে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে বড় মনোহরিয়া গ্রামের একটি টিনশেড বাড়ির মেঝের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্র্রেপ্তারকৃত শহীদ গতকাল থানায় সাংবাদিকদের জানায়, ২৮ জুন সন্ধ্যায় নাজিরকে বাসা থেকে ডেকে নিয়ে ওলিউল্লাহর ঘরে গিয়ে তারা মদপান করে। একপর্যায়ে ওলিউল্লাহ মাথায় শাবল দিয়ে আঘাত করলে নাজির অচেতন হয়ে পড়ে যান। এরপর তারা তাঁকে পিটিয়ে হত্যা করে। লাশ গুম করার জন্য ঘরের মেঝে খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।মামলার বাদী নিহতের চাচা আক্তার হোসেন জানান, নাজিরের সঙ্গে শহীদ, দিদার ও ওলিউল্লাহর জমি-সংক্রান্ত বিরোধ ছিল। শহীদ কয়েকদিন আগে নাজিরকে হত্যার হুমকিও দিয়েছিল।সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) ফারুক হোসেন জানান, মামলার অপর আসামি ওলিউল্লাহ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।