কেরানীগঞ্জে অপহৃত মা ও শিশু উদ্ধার
অপহরণের এক মাস পর কেরানীগঞ্জে মা ও তাঁর এক বছরের শিশুকন্যাকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ।
উদ্ধার হওয়া দুজন হলেন রোকসানা বেগম (২৫) ও তাঁর কন্যা আজিনুর। গত ১৬ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকা থেকে অপহরণকারীরা তাদের তুলে নিয়ে যায়।
গতকাল রোববার ভোরে রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মিজান (৩৫), আনিসুর রহমান (৩২), সাজেদা বেগম (২৮) ও আশরাফুল মিয়াকে (৩৭) পুলিশ আটক করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম জানান, গত ১৬ জানুয়ারি ইকুরিয়া এলাকা থেকে রোকসানা ও তাঁর মেয়ে আজিনুরকে অপহরণ করা হয়। ঘটনার দুদিন পর রোকসানা বেগমের মা ফাতেমা বেগমের মুঠোফোনে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ফাতেমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় মিজান ও আনিসুর নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার ভোরে জুরাইন এলাকায় অভিযান চালিয়ে সাজেদা ও আশরাফুলকে আটক করা হয়।