কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সরবরাহ লাইন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খোলামোড়া এলাকায় গতকাল রোববার গ্যাসের প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপ অপসারণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ কারণে ওই এলাকার প্রায় ৪০০ পরিবারের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এলাকার লোকজন দাবি করেছেন, তাঁরা বৈধভাবে ইউপি সদস্য মো. মনির মিয়ার কাছে গ্যাসের জন্য টাকা জমা দিয়ে গ্যাস-সংযোগ নিয়েছেন।
অবৈধ গ্যাসের পাইপ অপসারণের অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান। এ সময় তিতাস গ্যাসের জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয় ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে খোলামোড়া আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের গেট থেকে দক্ষিণ খোলামোড়া নুরানীগঞ্জ এলাকা পর্যন্ত টানা আড়াই শ ফুট গ্যাস সরবরাহের লাইন অপসারণ করা হয়। এ ছাড়া ওই এলাকার খোলামোড়া ভিআইপি সড়কের কাছ থেকে ৫০ ফুট পাইপ অপসারণ করা হয়। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, রাতের আঁধারে গ্যাস অফিসের কিছু লোক টাকা নিয়ে এই লাইনটি বসিয়েছিলেন। এখন দিনে পুলিশ নিয়ে এসে তাঁরাই অবৈধ বলে এই লাইন অপসারণ করছেন।
কালিন্দি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনির মিয়া দাবি করেন, ‘অবৈধ গ্যাস-সংযোগের সঙ্গে আমি জড়িত নই। আমরা এলাকার লোকজন মিলে স্থানীয় মো. আলীর চাচা মো. আলাউদ্দিনকে এ কাজের জন্য কন্টাক্ট করি। এ জন্য তাঁকে প্রায় এক কোটি টাকাও দিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ অবৈধ বলে আমাদের পাইপ অপসারণ করে দিয়েছে।’
তিতাস গ্যাসের জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয় ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, ‘যদি সাধারণ মানুষ আমাদের
কাছে লিখিতভাবে কারও বিরুদ্ধে অভিযোগ করে, তবে আমরা তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান বলেন, সরকারের নির্দেশে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।