কেরানীগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিআইডব্লিউটিএ এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে পাকা, আধা পাকা স্থাপনা, মার্কেটের দোকানসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলি রহমান ও বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএ এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার পানগাঁও কনটেইনার পোর্ট সড়ক–সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। হাসনাবাদ এলাকায় ভাই ভাই মার্কেটের ছয়টি পাকা দোকান তুলে দেওয়া হয়। এরপর উচ্ছেদকারীরা জহুরা মার্কেটের পাঁচটি আধা পাকা দোকান, মাহবুব হোসেনের ছয়টি পাকা দোকানের বর্ধিত অংশসহ ছোট–বড় পাকা ও আধা পাকা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে।
ভাই ভাই মার্কেটের মালিকানা দাবিদার মাহবুব হোসেন বলেন, ‘সাড়ে পাঁচ শতাংশ জমি কিনে সেখানে মার্কেট নির্মাণ করেছি। অথচ সরকার এ স্থাপনা অবৈধ বলে ভেঙে দিচ্ছে।’ জহুরা মার্কেটের কর্মচারী সালাম মিয়া বলেন, ‘মার্কেট ভাঙার বিষয়ে বিআইডব্লিউটিএর কোনো নোটিশ পাইনি।’
উচ্ছেদ অভিযানে অংশ নেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক মিজানুর রহমান, বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা।
গুলজার আলী বলেন, উচ্ছেদ অভিযানে নয়টি ছোট–বড় পাকা, আধা পাকা মার্কেটের দোকানঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরও বলেন, পানগাঁও কনটেইনার পোর্ট সড়ক–সংলগ্ন বিআইডব্লিউটিএর জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।