কেরানীগঞ্জে আগুন: পাঁচ দিন পার হলেও ধরা পড়েননি মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ১৯ জন মারা গেছেন। এ ঘটনায় কারখানার মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কিন্তু মামলার পাঁচ দিন পার হলেও তিনি গ্রেপ্তার হননি। গ্রেপ্তার হননি মামলার অন্য আসামিরাও।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় কারখানাটির মালিক নজরুল ইসলামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। কিন্তু আমরা এখনো কারখানাটির মালিককে ধরতে পারিনি।’

মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসিকুজ্জামান প্রথম আলোকে বলেন, কারখানাটির মালিক নজরুল যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য দেশের সব জায়গায় বার্তা পাঠানো হয়েছে। তাঁকে ধরার সব ধরনের চেষ্টাই চলছে।

গত ১১ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলেই মারা যান কারখানার একজন শ্রমিক। এরপর আগুনে পুড়ে যাওয়া কারখানার লোকজনদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত মারা গেছেন মোট ১৯ জন।

এ ঘটনায় আগুনে পুড়ে নিহত শ্রমিক আলমের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানার মালিক নজরুল ইসলামসহ অজ্ঞাত ১০ থেকে ১১ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটিতে এর আগেও একাধিকবার আগুনের ঘটনা ঘটেছে। নজরুল ইসলাম কোনো প্রকার সরকারি বা যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন না নিয়েই কারখানার কার্যক্রম চালিয়ে আসছিলেন। কারখানাটিতে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। দুর্ঘটনার সময় জরুরি নির্গমনের কোনো ব্যবস্থা ছিল না। ছিল না কোনো পানির মজুতও। কারখানাটিতে ওয়ান টাইম থালা, গ্লাস ও বিরিয়ানির প্যাকেট তৈরি হতো।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান বলেন, এর আগেও কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন হয়তো প্রাণহানি হয়নি। তবে যেভাবে আইন লঙ্ঘন করে কারখানার মালিক উৎপাদন চালিয়ে আসছিলেন তা বড় ধরনের অপরাধ। কারখানার মালিকের এমন কর্মকাণ্ডের কারণেই এতগুলো মানুষের মৃত্যু হয়েছে।

ওসি শাহজামান আরও জানান, কারখানার মালিক নজরুল ইসলাম ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ওয়ারীর র‍্যাঙ্কিং স্ট্রিটের একটা বাসার ঠিকানা দিয়ে। সেই ঠিকানা অনুযায়ী তাঁরা ওই বাসায় যান। সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে নজরুলের পাসপোর্টটি পাওয়া গেছে। তিনি আরও বলেন, আগুনে যে কেবল কারখানার শ্রমিক মারা গেছেন তা নয়, মারা গেছে কারখানার কর্মকর্তাও। কারখানা থেকে মাহবুব নামের একজন প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে গেছে কারখানার সব কাগজপত্র।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জন মারা যান। এ ঘটনায় চকবাজার থানায় ভুক্তভোগীর পরিবারের একজন সদস্য বাদী হয়ে ওয়াহেদ ম্যানশনের মালিক সহোদর হাসান ও শহীদের বিরুদ্ধে মামলা করেন। চুড়িহাট্টার ঘটনার পর গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় মারা যান ২৫ জন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর বনানী থানায় মামলা করা হয়েছে। চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে আগুনের মামলা দুটির তদন্ত চলমান রয়েছে।