কেরানীগঞ্জে আবারও অবৈধ গ্যাস-সংযোগ

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের পর আবারও অবৈধ সংযোগ দেওয়া শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, ওই অভিযানের দুই-তিন দিন পরই কিছু কিছু এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। তিতাস গ্যাস মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫ গত ১৯ মার্চ কেরানীগঞ্জে অবৈধ গ্যাস পাইপ অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করে। অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মুজিবনগর এলাকার মো. হারুন মিয়ার ভাড়া দেওয়া বাড়ির গ্যাসলাইনের রেগুলেটর ও রাইজার খুলে নিয়ে গ্যাসের পাইপ অপসারণ করা হয়। ওই এলাকার বেলাল মিয়া ও কামাল হোসেনের বাসায় গ্যাস-সংযোগের জন্য স্থাপিত ২০০ ফুট পাইপলাইন এবং পূর্ব চড়াইল দারুস সালাম রোড এলাকার জয়নাল মিয়ার বাসায় গ্যাস-সংযোগের জন্য স্থাপিত প্রায় ২৫০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। আটি ও জয়নগর এলাকার বেশ কয়েকটি অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে বাঘনা মুজিবনগরে হারুনের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, অবৈধ সংযোগ নিয়ে ডাবল বার্নারের চুলায় রান্না চলছে। ওই বাড়ির ভাড়াটিয়া মো. অপু দাবি করেন, বাড়ির মালিক বৈধভাবেই গ্যাস-সংযোগ নিয়েছেন। ১৯ মার্চ তিতাসের কর্মকর্তারা গ্যাসের রাইজার ও রেগুলেটর খুলে নিলেও দুই দিন পরই গ্যাস অফিসের লোকজন আবার সংযোগ দিয়ে গেছেন। মুজিবনগর, আটি ও জয়নগরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা ও দালালদের যোগসাজশে রাতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিতাসের জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, ‘অপসারণ করা লাইনে আবার অবৈধ গ্যাস-সংযোগের বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করা হবে। যদি কোনো কর্মকর্তা-কর্মচারী এর সঙ্গে জড়িত থাকেন তবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, কেরানীগঞ্জের যেসব এলাকায় এখনো অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে, সেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ ও লাইন অপসারণের অভিযান অব্যাহত রয়েছে।