কেরানীগঞ্জে ইজিবাইকের ব্যাটারি চার্জিং সোলার স্টেশন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর বিসিক শিল্প নগরী এলাকায় আজ শুক্রবার বিকেলে ইজিবাইকের ব্যাটারি চার্জিং সোলার স্টেশন এবং ১০ হাজার পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে ওই স্টেশন নির্মাণ করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ’৭১-এর ঘাতক ও তাদের দোসরেরা উঠে পড়ে লেগেছে। উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। এসব সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার সুবিধার জন্য সারা দেশে পাঁচটি চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এর মধ্যে পাইলট প্রকল্প হিসেবে কেরানীগঞ্জে এই স্টেশনের উদ্বোধন করা হলো। পরিবেশবান্ধব ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার চলাচলের সুবিধার জন্য পরে সারা দেশে চার্জিং স্টেশন নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক রবিউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ।