কেরানীগঞ্জে এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পোথাইল এলাকায় গত বুধবার দিবাগত রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত একটার দিকে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত দল পোথাইলের হিন্দুপাড়ায় হানা দেয়। ডাকাতেরা প্রথমে হেমন্ত দাসের বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। পরে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি ভিডিও ক্যামেরা, দুটি মোবাইল ফোনসেট ও ৭০ হাজার টাকা লুট করে। এরপর ডাকাতেরা কাঠমিস্ত্রি পার্শ্বনাথের বাড়িতে ঢোকে। সেখানেও বাড়ির লোকজনকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে দেড় হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।রাত দুইটার দিকে ডাকাত দল দীনেশের বাড়িতে ঢুকে দুটি মোবাইল ফোনসেট ও তিন হাজার টাকা নিয়ে যায়। এরপর ডাকাতেরা দুবাইপ্রবাসী শ্রীধামের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে বাড়িতে ঢোকে। ডাকাতেরা ওই বাড়ি থেকে দুটি স্বর্ণের চেইন, দুটি আংটিসহ সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা লুট করে। পরে ডাকাত দল জীবন দাসের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী রায়মতির (৩০) মাথায় পিস্তল ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন ও হাতের চুড়ি নিয়ে যায়।