কেরানীগঞ্জে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাড়গেন্ডারিয়া এলাকায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ মো. শাহিন (২৫) ও তাঁর দুই বোন আছিয়া বেগম (১৭) ও তাসলিমা আক্তারকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের গ্রামের বাড়ি পাবনার সুজানগর থানার চরগোবিন্দপুর এলাকায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘরের পাশ দিয়ে নেওয়া গ্যাসলাইনের পাইপে ছিদ্র থাকায় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।