কেরানীগঞ্জে এসআই ও হাবিলদারকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ও হাবিলদার আসামি গ্রেপ্তার করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। গতকাল রোববার সিরাজদিখান থানার গোয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পাঁচ ঘণ্টা পর কেরানীগঞ্জ ও সিরাজদিখান থানা পুলিশ মুচলেকা দিয়ে তাঁদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে সিরাজদিখান থানার গোয়ালখালী গ্রামে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই হুমায়ুন আহমেদ ও হাবিলদার জাহিদ হোসেন সাদা পোশাকে আসেন। তাঁরা গ্রামের আফিল উদ্দিনকে আটকের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র দেখতে চান। কাগজপত্রে আফিল উদ্দিনের বাবার নাম ও ঠিকানায় ভুল থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। তাঁরা দুই পুলিশকে আটক করে ধোলাই দেন। খবর পেয়ে সিরাজদিখান ও কেরানীগঞ্জ থানার পুলিশ এসে দুজনের পরিচয় নিশ্চিত করে তাঁদের উদ্ধার করে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোফাজ্জল হোসেন সিরাজদিখান থানার এএসআই সিদ্দিক আহমেদকে লিখিত মুচলেকা দিয়ে দুই পুলিশকে উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নেন।স্থানীয় বাসিন্দা লিয়াকত হোসেন জানান, আট মাস আগে তাঁর ভাই তানভীর আহম্মেদকে দুষ্কৃতকারীরা হত্যা করে। এ ঘটনায় দায়ের মামলাটি আফিল উদ্দিন তদারকি করছেন। লিয়াকত হোসেনের অভিযোগ, আসামিদের সঙ্গে যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা ভিন্নখাতে নিতে পুলিশ আফিল উদ্দিনকেই অপহরণের পাঁয়তারা করছে। এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘আমাকে না জানিয়ে কেরানীগঞ্জ থানার এসআই আসামি গ্রেপ্তার করতে আসেন। এ সময় জনগণের সঙ্গে ভুল-বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটে।’ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, আদালতে কে বা কাদের দায়ের করা মামলার আসামি আফিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সাদা পোশাকে পুলিশ তাকে ধরতে গেলে এলাকাবাসী ভুল বোঝে। শ্রীনগর সার্কেলের এএসপি কামরুল হাসান বলেন, ওই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।