কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এক হাজার ১৫০ ও বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের এর সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা ফি দিতে হবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আটি পাঁচদোনা উচ্চবিদ্যালয়ে নির্ধারিত ফির চেয়ে বেশি ফি আদায় করা হচ্ছে। এখানকার একজন পরীক্ষার্থীর বাবা মো. শামসুল হক অভিযোগ করেন, তাঁর ছেলের পরীক্ষার ফি বাবদ ছয় হাজার ৯০০ টাকা দাবি করেছিলেন প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘আমি চাকরিজীবী মানুষ। মাসে বেতনই পাই ছয় হাজার টাকা। আমার আরও তিন ছেলে লেখাপড়া করছে। আমি অনেক বলে-কয়ে ছেলের পরীক্ষার ফি বাবদ চার হাজার ২২০ টাকা দিয়েছি।’ একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থীর বাবা জাকির হোসেন বলেন, তাঁর মেয়ের কাছে ছয় হাজার ৫০০ টাকা দাবি করা হয়েছিল। পরে তিনি সাড়ে চার হাজার টাকা দিয়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কফিল উদ্দিন মুঠোফোনে বলেন, আগে পরীক্ষার্থীদের কাছ থেকে ছয় মাসের অগ্রিম বেতন নেওয়া হতো। এখন নেওয়া হচ্ছে তিন মাসের। সরকারি নিয়মানুযায়ী, এ তিন মাসের বেতনসহ পরীক্ষা ও কেন্দ্র ফি মিলিয়ে সর্বোচ্চ চার হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ সঠিক নয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজা বেগমের সঙ্গে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে কিছু জানেন না বলে জানান। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম বাড়তি ফি আদায় করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।