কেরানীগঞ্জে ওষুধ ব্যবসায়ী সমিতির মানববন্ধন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হয়রানির অভিযোগ এনে হাসনাবাদ এলাকায় গতকাল বুধবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কেরানীগঞ্জ ওষুধ ব্যবসায়ী মালিক সমিতি। এ সময় বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি কেরানীগঞ্জ উপজেলা শাখা এবং কেরানীগঞ্জ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য দেন কেরানীগঞ্জ ওষুধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর, উপজেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি হাজি জাকির হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, রকিব মোল্লা, এস এম কামাল হোসেন প্রমুখ। বক্তরা বলেন, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে তার শাস্তি সর্বোচ্চ এক বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা। কিন্তু সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করে চারটি ওষুধের দোকানকে সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।