কেরানীগঞ্জে কলেজ ছাত্রের হাত-পা বাঁধা লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম বালুর মাঠ খুঁড়ে গতকাল সোমবার সকালে সোহাগ (২৭) নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর চোখ-মুখ ও হাত-পা বাঁধা ছিল। সোহাগ রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মান শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মাহবুব মোর্শেদ জানান, বনগ্রাম এলাকার লেচু মিয়ার বালুর মাঠে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে মর্গে গিয়ে স্বজনেরা তা শনাক্ত করেন। সোহাগের বড় বোন রাজিয়া বেগম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সোহাগ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে শনিবার শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নগরীরপুর এলাকায়। বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁরা সপরিবারে রাজধানীর শ্যামপুর ৩ নম্বর বালুর মাঠসংলগ্ন গলিতে ভাড়া থাকেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, তাঁর ধারণা, সন্ত্রাসীরা শিক্ষার্থীকে অপহরণ করে হত্যার পর কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় বালুতে পুঁতে রাখে। পরিবার রাজধানীর কদমতলী থানায় মামলা করবে।