কেরানীগঞ্জে কলেজ নামধারী সেই ছয়টি প্রতিষ্ঠানকে নোটিশ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যন্ত পাঠদানকারী সেই ছয়টি ‘স্কুল অ্যান্ড কলেজ’কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ নোটিশ দিয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: কেরানীগঞ্জের নারিন্দা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (দুটি শাখা), নিউ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ নগর স্কুল অ্যান্ড কলেজ। প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান করা হয় সর্বোচ্চ মাধ্যমিক পর্যন্ত। অথচ, শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘কলেজ’ শব্দটি জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। কলেজ পর্যায়ের পাঠদান তো দূরের কথা, অনেক ক্ষেত্রে অনুমোদন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়নি আজ পর্যন্ত। এ নিয়ে গত ২৩ জানুয়ারি ‘নামে স্কুল অ্যান্ড কলেজ, পাঠদান মাধ্যমিকের’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ওই ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে গত ২৪ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে ওই ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা বলেন, ওই ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত চলছে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।এদিকে উপজেলা প্রশাসনের নোটিশ পাওয়ার পরও ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ‘স্কুল অ্যান্ড কলেজ’ নাম ব্যবহার করেই বিভিন্ন স্থানে নতুন করে সাইনবোর্ড ও পোস্টার সেঁটে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।