কেরানীগঞ্জে কাঠমিস্ত্রি খুন
ঢাকার অদূরে কেরানীগঞ্জের কদমতলীতে গতকাল রোববার ভোররাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিপুল রায় (৩৫) নামের একজন কাঠমিস্ত্রি খুন হয়েছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী কবরস্থানের কাছে কাঠমিস্ত্রি বিপুল, তাঁর দুই সহকর্মী কানাই লাল ও গোপাল চন্দ্রকে বহনকারী রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁদের টাকা-পয়সা বের করে দিতে বলে। বিপুল আপত্তি জানালে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা গোপালের হাতে ছুরিকাঘাত করে। কানাই লাল রক্তাক্ত বিপুল রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কানাই লাল সংবাদিকদের জানান, বিপুলসহ তাঁদের তিনজনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরের বাগাদিয়ায়। তাঁরা কেরানীগঞ্জের কালিগঞ্জে কাঠমিস্ত্রির কাজ করতেন।