কেরানীগঞ্জে কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড
কেরানীগঞ্জে ‘লাইফ টাস এগ্রো ফুড লিমিটেড’ নামের একটি অননুমোদিত জুস, পানি এবং শক্তিবর্ধক পানীয় তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আদালত প্রতিষ্ঠানটির মালিক মো. গিয়াস উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলার পারজোয়ার কালিন্দ উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থিত ওই কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামান।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিন্দ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন ও তাঁর বন্ধু মো. জুয়েল দুই বছর আগে ওই কারখানা চালু করেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তাঁরা ওই কারখানায় জুস, পানি এবং শক্তিবর্ধক পানীয় উৎপাদন করে বাজারজাত করে আসছিলেন। আদালত গতকাল অভিযান চালিয়ে কারখানাটি থেকে বিপুল পরিমাণ পানি, জুস এবং শক্তিবর্ধক পানীয়ের বোতল জব্দ করেন এবং কারখানাটি সিলগালা করে দেন।