কেরানীগঞ্জে কারখানার ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ায় শতাধিক অসুস্থ
রাজধানীর অদূরে কেরানীগঞ্জের হাসনাবাদে গতকাল রোববার রাসায়নিক কারখানার সরবরাহ পাইপ ছিদ্র হয়ে ছড়িয়ে পড়া ক্লোরিন গ্যাসে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ফায়ার সার্ভিসের ২৩ জন কর্মীও রয়েছেন। অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৩৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ১২ জনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড নামের ওই কারখানাটি হাসনাবাদের কনটেইনার রোডের পাশে অবস্থিত। এতে ব্লিচিং পাউডার, কস্টিক সোডা ও ক্লোরিন গ্যাস উৎপাদন করা হয়।পুলিশ, প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্র জানায়, কারখানায় সরবরাহ পাইপ দিয়ে সিলিন্ডারে ক্লোরিন গ্যাস ভরার সময় সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ মিটারের কাঁটা নিচে নেমে যায়। এ সময় ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়লে কর্তব্যরত কর্মীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কর্তব্যরত প্রকৌশলী ফিলিং বিভাগের বাইরে গিয়ে দেখেন, সরবরাহ পাইপের সংযোগস্থল ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে। একপর্যায়ে গ্যাস ছড়িয়ে তিন একর জমির ওপর ওই কারখানার সর্বত্র ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। ভেতরে থাকা কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সেখানে যায়।গ্যাসের ঝাঁজ কারখানার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। কারখানার পাশের কামুচান শাহ উচ্চবিদ্যালয়ে তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়। আশপাশের অনেক বাসিন্দা বাসাবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গ্যাসের কারণে ওই কারখানার কর্মী, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের কর্মীসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেনসহ ১৪ জন কর্মী রয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ও চুন ছিটান। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানা কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ পাইপের একটি চাবি বন্ধ করে দিলেও ছিদ্র দিয়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস বের হচ্ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে সাতটি চাবি (ভালভ) বন্ধ করলে ক্লোরিন নিঃসরণ বন্ধ হয়। ছড়িয়ে পড়া ক্লোরিন নিষ্ক্রিয় করতে পানি ও চুনমিশ্রিত পানি ছিটানো হয়।কারখানার তত্ত্বাবধায়ক পুনা মিয়া বলেন, গ্যাস ছড়িয়ে পড়তে দেখে তিনি কারখানার বিপদ-ঘণ্টা বাজান এবং মাইকে সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেন।কারখানার প্রধান ফটকের সামনের এক দোকানি বলেন, ‘গ্যাস ছড়াইয়া পড়লে সবার দম বন্ধ হওয়ার মতো অবস্থা অয়। কনটেইনার রাস্তায় হলুদ রঙের ধোঁয়া দেহা যায়। আমরা এ সময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ কইরা দিই।’সকাল সাড়ে ১০টার পর কয়েক শ বিক্ষুব্ধ মানুষ ওই এলাকা থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসে প্রায় ঘণ্টা খানেক পর তারা অবরোধ তুলে নেয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক থেকে সরে যায়। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।কারখানার প্রসেস অপারেটর হুমায়ুন কবির জানান, যে স্থানে পাইপ ছিদ্র হয়, সেখানে ২৫ জন কাজ করছিলেন।গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক দীপক কুমার বলেন, ক্লোরিন গ্যাস সরবরাহ পাইপের চাবি বন্ধ করে দিলে নিঃসরণ বন্ধ হয়। এর আগে ছড়িয়ে পড়া গ্যাসে অনেকে অসুস্থ হন। তিনি দাবি করেন, এটি একটি দুর্ঘটনা। দেড় বছর পরপর এই পাইপ পরিবর্তন করার কথা থাকলেও তাঁরা তা করেন ছয় মাস অন্তর। তিনি বলেন, গ্যাসের পাইপ মেরামত না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান বলেন, বাতাসে চার শতাংশ ক্লোরিন মিশে গেলে তা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ছড়িয়ে পড়া ক্লোরিনের পরিমাণ এর কাছাকাছি ছিল। ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে বা রাসায়নিক পদার্থজনিত দুর্ঘটনা মোকাবিলার মতো সরঞ্জাম নেই।